• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মরিয়মের মৃত্যু: বাদীপক্ষের সঙ্গে আপস, জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৩০, ২০২৬, ০৪:৩১ পিএম
মরিয়মের মৃত্যু: বাদীপক্ষের সঙ্গে আপস, জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী

ফাইল ছবি

ঢাকা: দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের মৃত্যুর ঘটনায় করা মামলায় বাদীপক্ষের সঙ্গে আসামিপক্ষ সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের আপস মীমাংসা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে জামিন শুনানিতে বিষয়টি জানানো হয়।

শুনানিতে বাদী মো. মাসুম বিল্লাহ জানান, গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের জামিনে তার কোনো আপত্তি নেই। তবে শুনানি শেষে আদালত মাকছুদা ইসলামের জামিন মঞ্জুর করলেও গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান বলেন, আপসের শর্তে গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলামের জামিন চাওয়া হয়েছিল। তারা ঘটনার সঙ্গে জড়িত নন। ইতোমধ্যে বাদীপক্ষের সঙ্গে আপস মীমাংসা হয়েছে। শুনানিতে বাদী উপস্থিত থেকে দুই আসামির জামিনে তার কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, শুনানি শেষে আদালত মাকছুদা ইসলামের জামিন মঞ্জুর করেছেন। তবে গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।

পিএস

Link copied!