• ঢাকা
  • সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নাশকতার নেপথ্যে সাবেক মন্ত্রী-এমপিসহ ৩৫ জন, গোয়েন্দা তথ্য


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৬, ২০২৬, ১২:৫০ পিএম
নাশকতার নেপথ্যে সাবেক মন্ত্রী-এমপিসহ ৩৫ জন, গোয়েন্দা তথ্য

ফাইল ছবি

বাসে আগুন, সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণসহ নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবিলায় কঠোর অবস্থানে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের একটি সূত্র জানিয়েছে, গোয়েন্দাদের তথ্যানুযায়ী এসব নাশকতার পেছনে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যসহ ৩৫ জন ভূমিকা রাখছেন। তাঁদের মধ্যে অর্থের জোগানদাতা হিসেবে রয়েছেন ৯ জন।

সহিংস পরিস্থিতি এড়াতে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরসহ কয়েকটি জেলায় বাড়তি নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কোথাও অপ্রীতিকর পরিবেশ তৈরি হলে তা গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

কয়েক দিন ধরে রাজধানীসহ দেশের নানা স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড চলছে। সর্বশেষ গত শনিবার রাত থেকে গোপালগঞ্জ উত্তপ্ত ছিল। সেখানে রাস্তা অবরোধ করে মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। রোববার লগি-বইঠা ও রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে দেখা যায়। এর আগে নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে এক দিনে দেশের ২৮টি জেলায় বাস ও ট্রেনে আগুন এবং ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটে।

গোয়েন্দা সূত্র বলছে, নাশকতার নেপথ্যে থাকা ব্যক্তিদের মধ্যে চাকরিচ্যুত সরকারি কর্মকর্তাও রয়েছেন। কারা, কীভাবে এবং কোথায় ককটেল তৈরি করছে, সে তথ্যও গোয়েন্দারা পেয়েছেন। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের মতে, গোয়েন্দা প্রতিবেদনে নাশকতার মূল পরিকল্পনাকারী হিসেবে চারজনের নাম এসেছে। তাঁদের মধ্যে দুজন সাবেক মন্ত্রী, একজন সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং অন্যজন সাবেক আমলা।

গোয়েন্দাদের দাবি, নাশকতায় নেতৃত্বদানকারীর তালিকায় ১১ জন রয়েছেন। তাঁদের মধ্যে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের দুজন, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের একজন, সিলেট বিভাগের সাবেক দুই সংসদ সদস্য, নারায়ণগঞ্জের সাবেক এক সংসদ সদস্য, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক দুই শীর্ষ নেতা, যুক্তরাজ্য আওয়ামী লীগের এক নেতা, ঢাকার একটি আসনের সাবেক এক সংসদ সদস্য এবং জামালপুরের সাবেক এক সংসদ সদস্য আছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রটির দাবি, ঢাকাকেন্দ্রিক নাশকতায় পেছন থেকে ভূমিকা রাখছেন আওয়ামী লীগের সাবেক এক মন্ত্রী, পুরান ঢাকার সাবেক এক সংসদ সদস্য, সাবেক এক মেয়র ও নিষিদ্ধ যুবলীগের এক নেতা। চট্টগ্রামে নাশকতার নেপথ্যে রয়েছেন সাবেক এক মন্ত্রী, ফেনীর সাবেক এক সংসদ সদস্য ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক এক কাউন্সিলর। এ ছাড়া তালিকায় আলাদাভাবে আরও আট নেতার নাম উল্লেখ করা হয়েছে, যাঁদের মধ্যে সাবেক চার সংসদ সদস্য, তিতুমীর কলেজের সাবেক এক ছাত্রলীগ নেতা, মাগুরা আওয়ামী লীগের সাবেক এক নেত্রী ও কেন্দ্রীয় কমিটির সাবেক এক নেতা আছেন।

গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়েছে, আওয়ামী লীগ-সমর্থক কয়লা ব্যবসায়ীদের মাধ্যমে পার্শ্ববর্তী দেশ থেকে ককটেল ও বিস্ফোরক দ্রব্য বাংলাদেশে আনা হচ্ছে। কয়লার গাড়িতে করে এসব বহন করা হয়। এ ক্ষেত্রে বুড়িমারী ও শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরের পাশাপাশি সিলেটের জাফলং, মৌলভীবাজারের শমসেরনগর, কসবা ও আখাউড়া সীমান্ত এলাকা ব্যবহার করা হচ্ছে। শরীয়তপুরের নড়িয়া, জামালপুরের মাদারগঞ্জ এবং বগুড়ার সারিয়াকান্দির চরের দুর্গম এলাকায় এসব ককটেল বানানো হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি পুলিশ সদর দপ্তরের এক বৈঠকে দেশের সব সীমান্ত জেলায় নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ওপার থেকে অস্ত্র, বিস্ফোরক বা কোনো সন্দেহভাজন ব্যক্তি ঢুকতে না পারে। পাশাপাশি সারা দেশে চলমান বিশেষ অভিযান জোরদার রাখা এবং নাশকতাকারীদের বিরুদ্ধে থাকা মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করে সাজা কার্যকর হওয়া পর্যন্ত তদারক করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এসএইচ 

অপরাধ-আদালত বিভাগের আরো খবর

Link copied!