ছবি: সংগৃহীত
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত করা হচ্ছে। প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী আজ সোমবার সকালে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এ বিষয়ে মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হয়েছে।
সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, সুপারিশটি পর্যালোচনা করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা হিসেবে আজই প্রজ্ঞাপন জারি করতে পারে মন্ত্রণালয়।
বিচারক মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী ২০২৫ সালের ২৮ আগস্ট সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ পান। তৎকালীন রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদ ভূঁঞা হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ার পর পদটি শূন্য হলে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়। এর আগে তিনি হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার জেনারেল (জেলা ও দায়রা জজ) হিসেবে দায়িত্ব পালন করেন।
পরবর্তী সময়ে ২০২৫ সালের ১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট সচিবালয়ের সচিব হিসেবেও তাঁকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁকে এ দায়িত্ব অর্পণ করেন। এরপর থেকে তিনি একই সঙ্গে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
এসএইচ







































