• ঢাকা
  • সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিনা হাতকড়ায় জিয়াউল আহসানকে আর ট্রাইব্যুনালে নেওয়া হবে না: আইনমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৫, ২০২৬, ০৮:৫০ পিএম
বিনা হাতকড়ায় জিয়াউল আহসানকে আর ট্রাইব্যুনালে নেওয়া হবে না: আইনমন্ত্রী

ফাইল ছবি

মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ভবিষ্যতে আর বিনা হাতকড়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা জানান।

অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে তাহসিনা রুশদী গত বৃহস্পতিবার জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে নেওয়ার একটি ভাইরাল ছবির প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, গুম ও খুনের অভিযোগে অভিযুক্ত জিয়াউল আহসানের অঙ্গভঙ্গি ও আচরণ দেখে মনে হচ্ছিল তিনি কোনো আনন্দ ভ্রমণে বের হয়েছেন এবং পুলিশ সদস্যরা তাঁকে প্রটোকল দিচ্ছেন। বিনা হাতকড়া ও ডান্ডাবেড়ি ছাড়া তাঁকে এভাবে নেওয়ায় ভুক্তভোগী পরিবারগুলো উদ্বিগ্ন ও আতঙ্কিত উল্লেখ করে তিনি আইনমন্ত্রীর কাছে এর ব্যাখ্যা চান। উল্লেখ্য, সংসদ সদস্য তাহসিনা রুশদীর স্বামী বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের ঘটনায় জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

বিষয়টি গুরুত্বপূর্ণ বিবেচনায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ আইনমন্ত্রীকে উত্তর দেওয়ার সুযোগ দিলে মো. আসাদুজ্জামান জানান, কারাগার থেকে আদালতে পৌঁছানোর বিষয়টি সরাসরি আইন মন্ত্রণালয়ের এখতিয়ারে না পড়লেও ছবিটি তাঁদের নজরে এসেছে। বিষয়টি দৃষ্টিগোচর হওয়ার পরপরই একজন কুখ্যাত অপরাধীকে যেভাবে নেওয়া প্রয়োজন, সেভাবেই তাঁকে ফেরত পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আদালত প্রাঙ্গণে ভবিষ্যতে এমন ঘটনার আর পুনরাবৃত্তি ঘটবে না বলে নিশ্চয়তা দেন আইনমন্ত্রী। পাশাপাশি চব্বিশের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, সে বিষয়েও সংসদকে আশ্বস্ত করেন তিনি।

এসএইচ 

Link copied!