• ঢাকা
  • বুধবার, ০৩ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এক্‌মি ল্যাবরেটরিজের মৃত পরিচালকের শেয়ার পাচ্ছেন দুই সন্তান


নিজস্ব প্রতিবেদক জুন ৩, ২০২৬, ০৬:৩০ পিএম
এক্‌মি ল্যাবরেটরিজের মৃত পরিচালকের শেয়ার পাচ্ছেন দুই সন্তান

ফাইল ছবি

ঢাকা: একমি ল্যাবরেটরিজ লিমিটেডের (এসিএমইএলএবি) প্রয়াত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও উদ্যোক্তা পরিচালক মিজানুর রহমান সিনহার শেয়ার তাঁর দুই সন্তানের নামে হস্তান্তর করা হচ্ছে। বাবার উত্তরাধিকার বা মনোনীত উত্তরসূরি হিসেবে দুই সন্তান সমপরিমাণে এই শেয়ার পাবেন। 

বুধবার (০৩ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই জানিয়েছে, গত ১৬ মে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহা ইন্তেকাল করেন। কোম্পানিতে তাঁর মোট ৮৫ লাখ ৭৪ হাজার শেয়ার রয়েছে। নিয়ম অনুযায়ী, এই শেয়ারগুলো তাঁর দুই মনোনীত উত্তরসূরির বিও (বেনিফিশিয়ারি ওনার্স) অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে।

এর মধ্যে প্রয়াত এমডির কন্যা ও কোম্পানির বর্তমানে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) তাসনিম সিনহা পাবেন ৪২ লাখ ৮৭ হাজার শেয়ার। আর বাকি ৪২ লাখ ৮৭ হাজার শেয়ার পাবেন তাঁর পুত্র ও কোম্পানির বর্তমান পরিচালক তানভীর সিনহা।

আজ বুধবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে এক্‌মি ল্যাবসের শেয়ারের সর্বশেষ লেনদেন মূল্য (লাস্ট ট্রেডিং প্রাইস) ছিল ৭৭ টাকা ৮০ পয়সা। এই বাজারদর অনুযায়ী, মিজানুর রহমান সিনহার রেখে যাওয়া মোট শেয়ারের বর্তমান বাজারমূল্য দাঁড়ায় প্রায় ৬৬ কোটি ৭০ লাখ ৫৭ হাজার টাকা। সেই হিসাবে বাবার কাছ থেকে ভাই-বোন প্রত্যেকেই প্রায় ৩৩ কোটি ৩৫ লাখ ২৮ হাজার ৫০০ টাকার শেয়ার পাচ্ছেন।

অবশ্য কোম্পানিটির প্রতিটি শেয়ারের ফেস ভ্যালু বা অভিহিত মূল্য ১০ টাকা। সেই ফেস ভ্যালু হিসাব করলে এই শেয়ারের মোট আর্থিক মূল্য হয় ৮ কোটি ৫৭ লাখ ৪০ হাজার টাকা। তাতে প্রত্যেকে পাবেন ৪ কোটি ২৮ লাখ ৭০ হাজার টাকা। তবে শেয়ারবাজারের নিয়ম অনুযায়ী, উত্তরাধিকারীরা বর্তমান বাজারদরের উপরিউক্ত মূল্যের শেয়ারেরই মালিক হতে যাচ্ছেন।

ডিএসই জানিয়েছে, বিদ্যমান আইনি প্রক্রিয়া ও নিয়ম মেনেই মূল স্টক এক্সচেঞ্জের বাইরে (অফ-মার্কেট) এই শেয়ার হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হবে।

এএইচ/পিএস

Link copied!