• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নবীন বরণ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের নাম না থাকায় শিক্ষার্থীদের বয়কট


কবি নজরুল কলেজ প্রতিনিধি ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৮:৪৩ পিএম
নবীন বরণ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের নাম না থাকায় শিক্ষার্থীদের বয়কট

ছবি: প্রতিনিধি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল সরকারি কলেজ ক্যাম্পাসে ২০২৪–২৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। তবে নবীন বরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের নাম না থাকার কারণে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কলেজের স্ব-স্ব বিভাগে পৃথকভাবে নবীন বরণ আয়োজন করা হয়। সরেজমিনে দেখা গেছে, প্রশাসন নবীন বরণ আয়োজন করলেও ব্যানারে শুধুমাত্র ‘কবি নজরুল সরকারি কলেজ’-এর নাম ব্যবহার করা হয়েছে, যেখানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম উল্লেখ ছিল না।

এতে ক্ষুব্ধ হয়ে একাধিক বিভাগের শিক্ষার্থী অনুষ্ঠান বয়কট করেছেন। পরবর্তীতে কিছু বিভাগ ব্যানার প্রত্যাখ্যান করে নতুন করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম সংযুক্ত করে অনুষ্ঠান সম্পন্ন করেছে। তবে কয়েকটি বিভাগ পুরনো ব্যানারেই অনুষ্ঠান চালিয়ে গেছে। অন্যদিকে, গণিত বিভাগের শিক্ষার্থীরা নবীন বরণ পুরোপুরি বয়কট করেছে। তারা অভিযোগ করেছেন, শিক্ষকরা এখনও তাদেরকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থী হিসেবে স্বীকৃতি দিতে নারাজ।

রাজধানীর ঐতিহ্যবাহী সাতটি সরকারি কলেজকে একীভূত করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠন করা হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়ার পর কবি নজরুল সরকারি কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়। যদিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ উপদেষ্টা পরিষদ থেকে অনুমোদন পাওয়া গেছে, তবু প্রশাসন ব্যানারে বিশ্ববিদ্যালয়ের নাম অন্তর্ভুক্ত করেনি।

বাংলা বিভাগের এক শিক্ষার্থী বলেন, “আমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। আজ নবীন বরণের জন্য কলেজে আসলে দেখি, প্রশাসন আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম না দিয়ে শুধু কলেজের নাম ব্যবহার করেছে। এজন্য আমরা অনুষ্ঠান বয়কট করি। পরে নিজেরাই ব্যানার ছাপিয়ে নবীন বরণ করি।”

নাম প্রকাশে অনিচ্ছুক গণিত বিভাগের শিক্ষার্থী বলেন, “নবীন বরণ অনুষ্ঠানের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের নাম না থাকায় আমরা অনুষ্ঠান বয়কট করেছি। আমাদের মনে হয়, শিক্ষকরা এখনও আমাদেরকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থী হিসেবে স্বীকৃতি দিতে রাজি নন।”

এসএইচ 


 

Wordbridge School
Link copied!