• ঢাকা
  • শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জেডএনআরএফ ইউনিভার্সিটি শিক্ষার্থীদের বাস্তবমুখী আইন শিক্ষার তাগিদ


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৬, ২০২৬, ০৩:৩৬ পিএম
জেডএনআরএফ ইউনিভার্সিটি শিক্ষার্থীদের বাস্তবমুখী আইন শিক্ষার তাগিদ

ছবি: সংগৃহীত

ব্যবহারিক আইন শিক্ষা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জেড এন আর এফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস-এর আইন বিভাগে মুট কোর্ট উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট এবং সাবেক জ্বালানি, আইন ও পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন ব্লাস্ট-এর অনারারি এক্সিকিউটিভ ডিরেক্টর এবং সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট ব্যারিস্টার সারা হোসেন।

অনুষ্ঠানে বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান নার্গিস রফিকা রহমান, ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. জুবায়দুর রহমান, ট্রেজারার ব্যারিস্টার শফিকুর রহমান এবং স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন ও আইন বিভাগের চেয়ারপারসন সীমা হায়দার চৌধুরী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য, শিক্ষার্থীদের মন্তব্য, বিশেষ অতিথির সঙ্গে প্রশ্নোত্তর পর্ব এবং শ্যাডো ট্রায়াল নামের মক ট্রায়াল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি।

বক্তব্যে ড. কামাল হোসেন আইন বিভাগের অগ্রযাত্রায় সন্তোষ প্রকাশ করে জানান, শুরু থেকেই তিনি বিভাগটির ব্যাপারে আশাবাদী ছিলেন। শিক্ষার্থী ও শিক্ষকদের পরিশ্রমের মাধ্যমে সেই প্রত্যাশার প্রতিফলন দেখতে পেয়ে তিনি আনন্দ প্রকাশ করেন।

শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাবে ব্যারিস্টার সারা হোসেন জানান, অতীতে আদালতে নারী আইনজীবীদের জন্য পরিস্থিতি কঠিন হলেও বর্তমানে ইতিবাচক পরিবর্তন হচ্ছে। তিনি শিক্ষার্থীদের বাস্তব জীবনের পরিস্থিতির সঙ্গে আইন শিক্ষার সমন্বয়ের ওপর গুরুত্ব আরোপ করেন, যাতে তারা ভবিষ্যৎ পেশাজীবনের জন্য আরও ভালোভাবে প্রস্তুত হতে পারে।

আইন বিভাগের সংশ্লিষ্টরা জানান, মুট কোর্টের মাধ্যমে শিক্ষার্থীরা আদালতের কার্যক্রম, যুক্তিতর্ক উপস্থাপন, আইনি গবেষণা ও পেশাগত আচরণ সম্পর্কে বাস্তবভিত্তিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

মুট কোর্ট উদ্বোধনের মধ্য দিয়ে জেডএনআরএফ ইউনিভার্সিটির আইন বিভাগ শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক দক্ষতা, নৈতিকতা ও পেশাগত প্রস্তুতি আরও শক্তিশালী করার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করেছে।

এসএইচ 
 

Link copied!