• ঢাকা
  • শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

৯০ মিনিটেই শেষ মেসির বিদায়ী ম্যাচের টিকিট


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২৬, ২০২৬, ০৩:৩৯ পিএম
৯০ মিনিটেই শেষ মেসির বিদায়ী ম্যাচের টিকিট

ফাইল ছবি

ঢাকা: ফুটবলের সবুজ গালিচায় একটি সোনালী যুগের অবসান চোখের সামনে দেখতে চাওয়ার আকুতি কতটা তীব্র হতে পারে, তার প্রমাণ মিলল টিকিটের জন্য চলা এই পাগলাটে লড়াইয়ে। বেনিনের বিপক্ষে ঘরের মাঠে আর্জেন্টিনার ফুটবল জাদুকর লিওনেল মেসির শেষ ম্যাচের টিকিট ছাড়ার পর ভক্তদের উপচে পড়া চাপে থমকে গিয়েছিল অনলাইন প্ল্যাটফর্মও। সেখানে সব টিকিট বিক্রি হয়ে যায় কেবল ৯০ মিনিটের মধ্যেই।

আগামী ৬ অক্টোবর মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। দেশটির সংবাদমাধ্যম টিএনটি স্পোর্টস’-র তথ্য অনুযায়ী গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ‘ডেপোরটিক’ নামের অনলাইন প্ল্যাটফর্মে আসন্ন সেই ম্যাচের টিকিট ছাড়া হয়। সেখানে শুরু দিকে অনলাইনে ভক্তদের উপচে পড়া ভিড় সামলাতে না পেরে সাইটটি ক্রাশ করে।

এদিকে আরেক আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ওলে’-র লাইভ ট্র্যাকিং এর তথ্য বলছে, ভার্চুয়াল কিউ বা সারিতে দাঁড়িয়ে থেকেও বহু ভক্ত দীর্ঘ অপেক্ষার মুখে পড়েন। দীর্ঘ অপেক্ষা পেরিয়ে সৌভাগ্যবান কিছু ভক্ত শেষের দিকে ওপরের সারির কিছু আসন কাটার সুযোগ পান, যেগুলোর একেকটির দাম ছিল ৩ লাখ ২০ হাজার পেসো পর্যন্ত।

তবে সেই সুযোগও স্থায়ী হয়েছিল মোটে কয়েক মুহূর্ত। টিকিট বিক্রির সাইট লাইভ হওয়ার মাত্র ৯০ মিনিট পর, সন্ধ্যা ৭টা ২৮ মিনিটে এক ব্যবহারকারী সোশ্যাল মিডিয়া এক্স-এ স্ক্রিনশট দিয়ে নিশ্চিত করেন যে স্টেডিয়ামের সব টিকিট সম্পূর্ণ শেষ হয়ে গেছে। অথচ তখনো অনেক সমর্থক ওয়েবসাইটের দীর্ঘ অপেক্ষার লাইনেই আটকে ছিলেন।

প্রায় ৮৫ হাজার দর্শক ধারণক্ষমতার ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামের একটি উল্লেখযোগ্য অংশ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) স্পনসর ও অফিশিয়াল সহযোগীদের জন্য সংরক্ষিত রাখায় সাধারণ সমর্থকদের জন্য টিকিট পাওয়ার লড়াই ছিল আরও কঠিন।

২০০৫ সাল থেকে দেশের হয়ে অসামান্য সব সাফল্য ও শিরোপা এনে দেওয়া লিওনেল মেসিকে শেষবারের মতো নীল-সাদা জার্সিতে মাঠের লড়াইয়ে দেখার এই সুযোগ হাতছাড়া করতে চাননি কেউই। মাত্র ৯০ মিনিটের মধ্যে সমস্ত টিকিট বিক্রি হয়ে যাওয়ার এই নজিরবিহীন ঘটনা ফের প্রমাণ করে দিল, ফুটবল জাদুকরের এই বিদায়বেলাটি বিশ্ব ক্রীড়াঙ্গনে কতটা ঐতিহাসিয় হয়ে থাকবে।

এসআই

Link copied!