• ঢাকা
  • রবিবার, ১০ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

৪ মাস না যেতে আবারও বিচ্ছেদ, যা বললেন স্ত্রী সাবিকুন্নাহার


নিউজ ডেস্ক মে ১০, ২০২৬, ১২:১৮ পিএম
৪ মাস না যেতে আবারও বিচ্ছেদ, যা বললেন স্ত্রী সাবিকুন্নাহার

আলোচিত তরুণ ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুন্নাহার সারার ফের বিচ্ছেদ হয়েছে। দ্বিতীয়বার বিয়ের মাত্র চার মাসের মাথায় তাদের বিচ্ছেদ হলো। শনিবার (৯ মে) সাবিকুন্নাহার সারা নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

গত বছরের ২ ডিসেম্বর দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার মাত্র ৪ মাসের মাথায় তাদের বিচ্ছেদ ঘটে। গত রমজানের চাঁদরাতেই আবু ত্বহা আদনান তার স্ত্রীকে তালাক দিলেও বিষয়টি এতদিন গোপন ছিল।

শনিবার (৯ মে) সাবিকুন্নাহার সারা নিজেই এক গণমাধ্যমকে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন।

​সারা জানান, গত রমজানের চাঁদরাতেই তাদের মধ্যে চূড়ান্ত বিচ্ছেদ সম্পন্ন হয়। আবু ত্বহা আদনান তাকে তালাক প্রদান করেন।

জানা যায়, গত বছরের ২ ডিসেম্বর পারিবারিকভাবে দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হন আবু ত্বহা আদনান ও সারা। প্রথম বিচ্ছেদের পর দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উদ্যোগে তাদের মধ্যে পুনর্মিলন ঘটে। নতুন করে সংসার শুরু করলেও সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি।

এর আগে দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে গত বছরের ২১ অক্টোবর প্রথমবার বিচ্ছেদ হয় তাদের। ওই সময় বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে উভয় পরিবারের মধ্যস্থতায় ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে তারা আবারও একসঙ্গে জীবন শুরু করেন। তবে দ্বিতীয় দফার সেই সংসারও শেষ পর্যন্ত টিকল না। চার মাসের মাথায় আবারও আলাদা হয়ে গেলেন এই দম্পতি।

রংপুরের তরুণ ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান মূলত সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে ধর্মীয় আলোচনা করে পরিচিতি লাভ করেন। ২০১৭ সালে অনলাইনে নিয়মিত বক্তব্য দেওয়া শুরু করার পর অল্প সময়েই তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। ধর্মীয় নানা বিষয় সহজ ভাষায় উপস্থাপন করায় তার বক্তব্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

২০২৩ সালের জুনে ঢাকায় যাওয়ার পথে তিন সঙ্গী ও গাড়িচালকসহ নিখোঁজ হওয়ার ঘটনায় দেশজুড়ে আলোচনায় আসেন আবু ত্বহা আদনান। কয়েকদিন ধরে তার কোনো খোঁজ না মেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ ও নানা জল্পনা তৈরি হয়। আট দিন পর তিনি রংপুরে শ্বশুরবাড়িতে ফিরে আসেন।

পরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তিনি ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন এবং ঘটনাটির সঙ্গে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তবে ওই ঘটনা তাকে দেশব্যাপী আরো পরিচিত করে তোলে।

এদিকে, বিচ্ছেদের বিষয়ে আবু ত্বহা আদনানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সম্প্রতি দাম্পত্য জীবনের এই নতুন ভাঙনের খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ফের আলোচনা শুরু হয়েছে। অনেক অনুসারী এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন। আবার কেউ কেউ ব্যক্তিগত জীবন নিয়ে অযথা সমালোচনা না করার আহ্বান জানিয়েছেন।

এম

Link copied!