লেবাননে চলমান হামলা ইস্যুতে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি বলেছেন, লেবাননে বোমাবর্ষণ বন্ধ না হলে তুরস্ক সরাসরি পদক্ষেপ নিতে পারে।
এক বক্তব্যে এরদোয়ান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-কে ‘রক্ত ও ঘৃণায় অন্ধ’ বলে আখ্যা দেন। একইসঙ্গে তিনি দাবি করেন, “প্রয়োজনে আমরা ইসরায়েলে প্রবেশ করতে পারি—যেমন আমরা লিবিয়া ও কারাবাখে করেছি।”
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার সময়ে পাকিস্তান মধ্যস্থতা না করলে পরিস্থিতি আরও ভিন্ন দিকে যেতে পারত।
এদিকে, তুরস্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ইসরায়েলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে আইনি পদক্ষেপ ঘিরে। দেশটির প্রসিকিউটররা নেতানিয়াহুসহ ৩৫ জন ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা, নির্যাতন ও অবৈধ আটক সংক্রান্ত অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। অভিযোগপত্রে দীর্ঘমেয়াদি কারাদণ্ডের আবেদনও করা হয়েছে।
তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক এই উদ্যোগকে “ঐতিহাসিক পদক্ষেপ” হিসেবে বর্ণনা করেছেন।
তবে এই পদক্ষেপে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু পাল্টা অভিযোগ করে বলেন, এরদোয়ান নিজ দেশের কুর্দি জনগণের বিরুদ্ধে দমন-পীড়ন চালিয়েছেন।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাৎজ তুরস্কের সমালোচনা করে বলেন, ইসরায়েল তার নিরাপত্তা রক্ষায় কঠোর অবস্থানে থাকবে। অন্যদিকে কট্টরপন্থী মন্ত্রী ইতামার বেন-গাভীর সামাজিক মাধ্যমে এরদোয়ানকে লক্ষ্য করে কটূক্তি করেন, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।
উল্লেখ্য, একসময় তুরস্ক ও ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিল। তবে সাম্প্রতিক সময়ে গাজা ও হামাসকে ঘিরে সংঘাতের জেরে দুই দেশের সম্পর্ক দ্রুত অবনতি হয়েছে।
এম







































