ফাইল ছবি
জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষায় সচেতনতা বাড়াতে 'তারুণ্যের চোখে আমাদের প্রকৃতি ও পরিবেশ এবং পজেটিভ বাংলাদেশ' স্লোগানে আগামীকাল ৮ জুন (সোমবার) ঢাকার সেগুনবাগিচাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে "১ মিনিট পরিবেশ চলচ্চিত্র উৎসব ২০২৬"। ঢেঁকি প্রযোজনা এবং পরিবেশ ও জলবায়ু জাদুঘরের যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবটি চলবে বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।
মাত্র ৬০ সেকেন্ডের (১ মিনিট) সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী চলচ্চিত্রের মাধ্যমে পরিবেশগত সংকট ও জলবায়ু ন্যায়ের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য। তীব্র দাবদাহ, বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো বাস্তব সংকটের মুখোমুখি দাঁড়িয়ে বর্তমান ডিজিটাল যুগে এই ধরনের পরিবেশবান্ধব অডিও-ভিজ্যুয়াল কনটেন্টের চাহিদা ও গুরুত্ব বহুগুণ বেড়েছে বলে জানান আয়োজকেরা।
উৎসবের উদ্বোধন করবেন বিশিষ্ট কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিএনপির সাবেক তথ্য গবেষণা সম্পাদক জনাব রেজাবুদ্দৌলা চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন ড. আজহারুল ইসলাম শেখ, ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষক আমির হামজা জিহাদ, চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন ও বাসসাস সভাপতি কামরুল হাসান দর্পণ প্রমুখ।
উৎসবের জুরি বোর্ডে দায়িত্ব পালন করবেন চলচ্চিত্র পরিচালক মেহেদী হাসান হৃদয়, অনন্য মামুন, জাহিদ হোসেন, কাজী নওশাবা আহমেদ, সনি রহমান ও রুমানা ইসলাম মুক্তিসহ ১০ জন বিশিষ্ট ব্যক্তিত্ব। আয়োজনের নেপথ্যে রয়েছেন ঢেঁকি প্রযোজনার কর্ণধার মোঃ নিজাম উদ্দিন, আহ্বায়ক হারুন উর রশিদ এবং উৎসব পরিচালক শাহিন রেজা রাসেল।
"আসুন সবাই মিলে পৃথিবীকে রক্ষা করি"— এই আহ্বানে তরুণ নির্মাতাদের এই পরিবেশ সচেতনতামূলক প্রয়াসকে সফল করতে সবাইকে উৎসবে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে আয়োজক কমিটি।
এসএইচ







































