• ঢাকা
  • রবিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পে স্কেলের দাবিতে কর্মচারীদের কর্মবিরতি পালন


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১, ২০২৬, ০২:৫৪ পিএম
পে স্কেলের দাবিতে কর্মচারীদের কর্মবিরতি পালন

ছবি : সংগৃহীত

ঢাকা: নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি থেকে বাস্তবায়নের দাবিতে সারা দেশের সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসগুলোতে কর্মচারীরা দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়েছে। আগামীকাল সোম ও মঙ্গলবারও একই কর্মসূচি পালন করা হবে বলে জানা গেছে।

আন্দোলনকারীরা জানান, সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে পে স্কেল বাস্তবায়নের জন্য আন্দোলন করে আসছেন। এ লক্ষ্যে সরকার একটি কমিশন গঠন করে, যে কমিশনের রিপোর্ট সরকারের হাতে ইতিমধ্যে চলে এসেছে। কিন্তু গেজেট প্রকাশের গড়িমসি এবং এই সরকার কমিশন বাস্তবায়ন করবে না জানান সরকারের জ্বালানি উপদেষ্টা। তখন থেকে ক্ষোভ প্রকাশ শুরু করেন সরকারি কর্মচারীরা।
 
পে স্কেল বাস্তবায়নের দাবিতে এদিন সকাল থেকে সারা দেশের অফিসগুলোয় ২ ঘণ্টার জন্য সেবা কার্যক্রম বন্ধ থাকে। এতে জনগণ ব্যাপক ভোগান্তির শিকার হন।

এ বিষয়ে কর্মচারীরা বলছেন, তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছেন। কিন্তু সরকার তাদের পেটের ক্ষুধা নিবারণের জন্য ন্যূনতম বেতনটুকু যদি না দেয়, তাহলে তারা কতদিন আর ধৈর্য ধারণ করবেন? তাই বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন। সরকার দাবি বাস্তবায়ন করলে সঙ্গে সঙ্গে কাজে ফিরে যাবেন বলেও জানান তারা।

গত ৩০ জানুয়ারি বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে ১ থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিন টানা দুই ঘণ্টা করে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে দাবি আদায় না হলে ৬ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখী ভুখা মিছিল করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

পিএস

Wordbridge School
Link copied!