ছবি : সংগৃহীত
ঢাকা: বাংলাদেশ নারী ক্রিকেট দল টানা ৫ ম্যাচ জিতে আগেই বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে। শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়ে বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
রোববার (১ ফেব্রুয়ারি) নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১০২ রানের লক্ষ্য দিয়েছিল নেদারল্যান্ডস। জবাব দিতে নেমে ২০ বল এবং ৭ উইকেট হাতে রেখে গন্তব্যে পৌঁছে যায় টাইগ্রেসরা।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। দলীয় ৬ রানের মধ্যে বিদায় নেন দুই ওপেনার দিলারা আক্তার এবং জুয়াইরিয়া ফেরদৌস। এরপর দলের বিপদ সামাল দিয়েছেন শারমিন আক্তার সুপ্তা এবং নিগার সুলতানা জ্যোতি। ২৮ বলে ১৩ রান করে বিদায় নেন শারমিন।
এরপর জ্যোতির সাথে যোগ দেন ফর্মের তুঙ্গে থাকা সোবহানা মোস্তারী। জ্যোতি-মোস্তারীর ব্যাটে ভর করে জয়ের পথে এগিয়েছে বাংলাদেশ। লক্ষ্যটা সহজ হওয়ায় সেভাবে ঝুঁকি নিতে হয়নি দুজনকে। কার্যকরী ব্যাটিংয়ে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন দুজন।
টানা দ্বিতীয় ফিফটি তুলে নেন অধিনায়ক জ্যোতি। ৪৪ বলে ৫০ রান করে টিকে ছিলেন তিনি। ২৩ বলে ৩৩ রানের ক্যামিও ইনিংস খেলে অপরাজিত ছিলেন সোবহানা মোস্তারী।
বাংলাদেশ ২০ বল হাতে রেখে ৭ উইকেটে জয়লাভ করে। এই জয়ের ফলে টেবিলের শীর্ষে থেকে এবং একমাত্র অপরাজিত দল হিসেবে বাছাইপর্ব শেষ করল টাইগ্রেসরা।
পিএস







































