ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে দায়িত্ব পালনের জন্য ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচনি আচরণবিধি বাস্তবায়নের পাশাপাশি তাঁরা দায়িত্বপ্রাপ্ত এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ, মোবাইল কোর্ট পরিচালনা এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত বিজিবি, কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনীর টিমকে দিকনির্দেশনা দেবেন।
এ বিষয়ে মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করবেন। এর আগে আগামী ৭ ফেব্রুয়ারি তাঁদের সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়ে যোগ দিতে বলা হয়েছে। দায়িত্ব পালনের আগে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৫ ধারা অনুযায়ী এসব নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত নির্ধারিত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা রাখবেন। জেলা ম্যাজিস্ট্রেটরা তাঁদের নিজ নিজ অধিক্ষেত্রে ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব বণ্টন এবং মোবাইল কোর্ট পরিচালনার এলাকা নির্ধারণ করে দেবেন। প্রতিদিনের মোবাইল কোর্ট পরিচালনার তথ্য নির্ধারিত ছক অনুযায়ী সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তাকে জানাতে হবে।
এসএইচ







































