• ঢাকা
  • বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১০:৫০ এএম
ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের জন্য কঠোর আচরণবিধি জারি করেছে পুলিশ সদর দপ্তর। নির্বাচনের সময় ২২ ধরনের কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

পুলিশ সদর দপ্তরের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

প্রার্থী ও রাজনৈতিক সংশ্লিষ্টতায় কড়াকড়ি

নির্দেশনায় বলা হয়েছে—

১. কোনো প্রার্থী, এজেন্ট বা সমর্থকের কাছ থেকে খাবার, উপঢৌকন বা অন্য কোনো সুবিধা গ্রহণ করা যাবে না।

২. প্রার্থীদের সঙ্গে ছবি তোলা, ঘনিষ্ঠ আলাপ বা ব্যক্তিগত সম্পর্কের ইঙ্গিত দেয় এমন আচরণ করা যাবে না।

৩. কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর পক্ষে বা বিপক্ষে পক্ষপাতমূলক আচরণ কঠোরভাবে নিষিদ্ধ।

৪. রাজনৈতিক মিছিলে অংশগ্রহণ বা প্রার্থীর কার্যালয়ে উপস্থিত থাকা যাবে না।

৫. রাজনৈতিক মতাদর্শ বা ব্যক্তিগত পছন্দ প্রকাশ করা যাবে না।

ভোটকেন্দ্রে আচরণবিধি

প্রিসাইডিং কর্মকর্তার অনুমতি ছাড়া ভোটকক্ষে প্রবেশ করা যাবে না, ভোটার বা নির্বাচন কর্মকর্তার কাজে অযথা হস্তক্ষেপ করা যাবে না, ভোটারকে কোনো প্রতীক বা প্রার্থীর পক্ষে/বিপক্ষে প্রভাবিত করা যাবে না, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না গেলে বলপ্রয়োগ বা লাঠিচার্জ করা যাবে না, গালিগালাজ, হুমকি বা অবমাননাকর আচরণ সম্পূর্ণ নিষিদ্ধ।

মোবাইল ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা

দায়িত্ব পালনকালে অপ্রয়োজনে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না, ব্যক্তিগত আলাপ বা সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকা নিষিদ্ধ, কোনো রাজনৈতিক পোস্ট, শেয়ার বা মন্তব্য করা যাবে না, সংবেদনশীল নির্বাচন-সংক্রান্ত তথ্য প্রকাশ বা সম্ভাব্য ফলাফল নিয়ে পূর্বানুমান করা যাবে না, অফিসিয়াল অনুমতি ছাড়া কোনো স্পর্শকাতর ঘটনার ছবি বা ভিডিও শেয়ার করা যাবে না।

শৃঙ্খলা ও পেশাদার আচরণে গুরুত্ব

নির্দেশনায় আরও বলা হয়েছে—

দায়িত্বকালে ব্যক্তিগত আলাপে মশগুল হওয়া যাবে না, দলবদ্ধভাবে উদ্দেশ্যহীন ঘোরাঘুরি করা যাবে না, জনসমাগমস্থলে বা খোলা জায়গায় যত্রতত্র খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে, ফুটপাত বা টং দোকানে বসা যাবে না, অশোভন পোশাক বা অপেশাদার আচরণ বরদাশত করা হবে না এবং বাদাম, ভাপা পিঠা, চানাচুর, জিলাপি, বিস্কুট, কলা ইত্যাদি মুখরোচক খাবার খাওয়া থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

পুলিশ সদর দপ্তর বলছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে মাঠপর্যায়ের সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখতে হবে। নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখাই এই নির্দেশনার মূল লক্ষ্য।

Wordbridge School
Link copied!