ছবি: প্রতিনিধি
শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিল করার প্রশ্নই ওঠে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটিতে অর্ধশিক্ষিত ব্যক্তিদের নয়, বরং শিক্ষাক্ষেত্রে অবদান রয়েছে এমন ব্যক্তিদেরই অন্তর্ভুক্ত করার চিন্তা করছে সরকার।
শুক্রবার চাঁদপুরের কচুয়া উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও প্রতিবন্ধী মানুষের মধ্যে হুইলচেয়ার প্রদান অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, অর্ধশিক্ষিত ব্যক্তিদের দিয়ে ম্যানেজিং কমিটি গঠনের যে তথ্য ছড়িয়েছে, তা অসম্পূর্ণ ও বিকৃত। শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়নের জন্য যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদের নিয়েই কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, কচুয়াকে শিক্ষার রোল মডেল হিসেবে গড়ে তুলতে চান। এখান থেকেই শিক্ষার উন্নয়নমূলক কার্যক্রম সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে। শিক্ষার মান উন্নয়নে সরকার ধাপে ধাপে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলেও জানান তিনি।
এসএসসি পরীক্ষা নিয়েও পরিবর্তনের ইঙ্গিত দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, আগের পদ্ধতিতে নয়, নতুন ও যুগোপযোগী বাস্তবসম্মত নিয়মে পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, কোনো বক্তব্য খণ্ডিতভাবে নয়, প্রকৃত সত্য তুলে ধরতে হবে। পাশাপাশি ভবিষ্যতে পরীক্ষার হলে পরীক্ষার্থী, পরিদর্শক ও পর্যবেক্ষকদের জন্যও নির্দিষ্ট নিয়ম-কানুন চালু করা হবে।
এসএইচ







































