ইরানের বিরুদ্ধে সামরিক চাপ আরও বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আরও কঠোর হামলা চালানো হতে পারে।
শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধবিমান ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকায় একাধিক হামলা চালায়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক দিনগুলোতে শহরজুড়ে প্রায় প্রতিদিনই বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, গত ২৪ ঘণ্টায় ইরানের বিভিন্ন স্থাপনায় ২০০টিরও বেশি হামলা চালানো হয়েছে। এসব হামলায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অস্ত্র উৎপাদন সংশ্লিষ্ট স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন, ইরানের শীর্ষ নেতৃত্ব বর্তমানে আত্মগোপনে রয়েছে। তিনি আরও বলেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি হামলায় আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় দুই হাজার মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে, যার বেশিরভাগই ইরানে। লেবাননেও সংঘাতে শত শত মানুষ নিহত হয়েছে এবং বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন।
অন্যদিকে ইরান ও তাদের মিত্র সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। পাল্টা জবাবে ইসরায়েল লেবাননের বিভিন্ন এলাকাতেও বিমান হামলা অব্যাহত রেখেছে।
এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা আরও বেড়েছে। উপসাগরীয় অঞ্চলের কিছু স্থাপনা ও জাহাজেও হামলার খবর পাওয়া যাচ্ছে।
এম







































