ফাইল ছবি
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি ইউক্রেনীয় অ্যান্টি-ড্রোন সিস্টেমের ডিপোতে হামলার দাবি করেছে ইরান। তেহরানের দাবি, ওই স্থাপনাটি মার্কিন সামরিক বাহিনীকে সহায়তার কাজে ব্যবহৃত হচ্ছিল। শনিবার (২৮ মার্চ) বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়।
ইরানের সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় অপারেশনাল কমান্ড খাতাম আল-আম্বিয়া এক বিবৃতিতে জানায়, দুবাইয়ে মার্কিন কমান্ডার ও সেনাদের গোপন আস্তানাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। একই সঙ্গে সেখানে থাকা একটি ইউক্রেনীয় ড্রোন বিধ্বংসী ব্যবস্থার ডিপো ধ্বংস করা হয়েছে বলেও দাবি করা হয়।
তেহরানের ভাষ্য অনুযায়ী, ওই সিস্টেমটি যুক্তরাষ্ট্রকে সরাসরি সহযোগিতা করার উদ্দেশ্যে স্থাপন করা হয়েছিল।
এ হামলার দাবি এমন সময়ে এলো, যখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার চুক্তির ঘোষণা দেন।
তবে এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এসএইচ







































