• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

স্বাধীন পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৩, ২০২৬, ১০:৫৮ পিএম
স্বাধীন পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে আরও আধুনিক ও জবাবদিহিমূলক করতে একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানিয়েছেন।

সচিবালয়ে নিজ কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়ন-এর রাষ্ট্রদূত মাইকেল মিলার-এর সঙ্গে বৈঠক শেষে সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে পুলিশ সংস্কার, নিরাপত্তা খাতে সহযোগিতা, অভিবাসন ব্যবস্থাপনা, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন এবং বাণিজ্য সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।

পুলিশ সংস্কার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি কার্যকর পুলিশ কমিশন গঠন করা হলে বাহিনীর স্বচ্ছতা, পেশাদারিত্ব ও জবাবদিহিতা আরও জোরদার হবে। এ প্রক্রিয়ায় ইইউর পরামর্শ ও কারিগরি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, বাংলাদেশে আইনশৃঙ্খলা ও বিচার ব্যবস্থার উন্নয়নে ইউরোপীয় দেশগুলোর অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে। পাশাপাশি পুলিশ সদস্যদের প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে সহায়তার আগ্রহ প্রকাশ করে ইইউ।

বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, একটি শক্তিশালী ও স্বাধীন বিচারব্যবস্থা নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

দুর্নীতি দমনে আরও কার্যকর কৌশল প্রণয়নের ওপর গুরুত্বারোপ করে ইইউ রাষ্ট্রদূত প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। এ বিষয়ে সম্ভাব্য ক্ষেত্রগুলো দ্রুত চিহ্নিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ইইউ প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

এম

এম

Link copied!