• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শ্রমিকদের ঈদ বোনাস ২১ তারিখের মধ্যে পরিশোধের নির্দেশ


নিজস্ব প্রতিবেদক মে ১৪, ২০২৬, ০৮:০৮ পিএম
শ্রমিকদের ঈদ বোনাস ২১ তারিখের মধ্যে পরিশোধের নির্দেশ

ছবি : সংগৃহীত

ঢাকা: শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী আসন্ন ঈদুল আজহার আগেই চলতি মে মাসের ২১ তারিখের মধ্যে দেশের সব কারখানায় শ্রমিকদের ঈদ বোনাস এবং নির্ধারিত তারিখের মধ্যে মাসিক বেতন পরিশোধের নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মে) ঢাকার সিরড্যাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি)-এর ৯৫তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের ২৪তম সভায় তিনি এ নির্দেশনা দেন।

শ্রমমন্ত্রী বলেন, শ্রমিকদের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সরকার বদ্ধপরিকর। সড়কে যানজট এড়াতে মালিক ও শ্রমিকপক্ষের সমঝোতার ভিত্তিতে পর্যায়ক্রমে বা ধাপে ধাপে কারখানাগুলো ছুটি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি জানান, বেতন-বোনাস পরিশোধ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, জেলা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় উপস্থিত নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিনিধি জানান, শ্রমিকদের ঈদযাত্রা সহজ করতে সব রুটে জাহাজ ও লঞ্চের ভাড়া ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।

পিএস

Link copied!