• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বন্ধ কারখানায় বিনিয়োগ আকৃষ্টে রোড শো করার নির্দেশ প্রধানমন্ত্রীর


নিজস্ব প্রতিবেদক জুন ৪, ২০২৬, ০৮:২৩ পিএম
বন্ধ কারখানায় বিনিয়োগ আকৃষ্টে রোড শো করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ছবি : সংগৃহীত

ঢাকা: দেশের বন্ধ ও অলাভজনক সরকারি কল-কারখানায় বিনিয়োগ আকৃষ্টে ‘রোড শো’ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষে চলতি মাসের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে মন্ত্রি পরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বন্ধ কল-কারখানা চালু সংক্রান্ত এক সভায় এই নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন।

উপ প্রেস সচিব হাসান শিপুল বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ ও অলাভজনক কলকারখানা চালুর বিষয়ে বৈঠক করেছেন। ওই সব কলকারখানায় দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে শিগগিরই রোড শো আয়োজন করবে সরকার। সভায় এই লক্ষে চলতি মাসের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।’

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, সভায় শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বন্ধ ও অলাভজনক কারখানাগুলোর বর্তমান অবস্থা, সমস্যা, সম্ভাবনা এবং করণীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।

এসময় প্রধানমন্ত্রী বন্ধ কারখানাগুলো দ্রুত চালু এবং অলাভজনক কারখানাগুলো লাভজনক করার কার্যকর উপায় খুঁজে বের করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। একই সঙ্গে তিনি এসব কারখানায় দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

বন্ধ কারখানা চালু এবং অলাভজনক কারখানাগুলো লাভজনক করে তুলতে বিশেষজ্ঞ কমিটির সুপারিশ নেওয়া হচ্ছে বলে সভায় জানানো হয়।

পিএস

Link copied!