• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

চূড়ান্ত হয়নি পে-স্কেলের বাস্তবায়ন কৌশল, বাড়ছে অপেক্ষা


নিজস্ব প্রতিবেদক জুন ১৮, ২০২৬, ০৫:৪৯ পিএম
চূড়ান্ত হয়নি পে-স্কেলের বাস্তবায়ন কৌশল, বাড়ছে অপেক্ষা

ফাইল ছবি

ঢাক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল আলোচিত নবম পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত থাকলেও এর বাস্তবায়ন কৌশল এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত পুনর্গঠিত সচিব কমিটির বৈঠকে নতুন পে-স্কেলের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বৈঠকে জাতীয় বেতন কমিশনের সুপারিশ, সচিব কমিটির পর্যবেক্ষণ, বিচার বিভাগীয় বেতন কাঠামো এবং সশস্ত্র বাহিনীর বেতনসংক্রান্ত বিষয় পর্যালোচনা করা হলেও বাস্তবায়নের চূড়ান্ত রূপরেখা নির্ধারণ করা যায়নি।

বৈঠক সূত্র জানায়, নতুন বেতন কাঠামো কার্যকর করার ক্ষেত্রে প্রজ্ঞাপন জারি, বিধি সংশোধন, আর্থিক ব্যবস্থাপনা এবং বিভিন্ন প্রশাসনিক প্রক্রিয়া নিয়ে আরও পর্যালোচনার প্রয়োজন রয়েছে। এসব বিষয় নিষ্পত্তির জন্য আগামী ২৪ জুন আরেকটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সূত্রগুলো বলছে, সরকার ১ জুলাই থেকে নবম পে-স্কেল কার্যকরের নীতিগত অবস্থানে থাকলেও বাস্তবায়নের পদ্ধতি, বেতন সমন্বয় এবং বিশেষ সুবিধা (ইনসেনটিভ) মূল বেতনের সঙ্গে কীভাবে একীভূত করা হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।

অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন বাজেটে পে-স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান রাখা হয়েছে। তবে প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা ও প্রজ্ঞাপন জারি করা হবে।

ফলে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নিয়ে প্রত্যাশা থাকলেও বাস্তবায়নের সুনির্দিষ্ট কৌশল এবং সময়সূচি জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে।

পিএস

Link copied!