ফাইল ছবি
বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের ঠিক আগমুহূর্তে মাঠের বাইরের এক রহস্যময় ঘটনা ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ। দক্ষিণ কোরিয়ার অনুশীলন ক্যাম্পের আকাশে আচমকা একটি ড্রোন দেখা যাওয়ায় নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন।
আগামীকাল সকালে বিশ্বকাপের এক গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে মেক্সিকো ও দক্ষিণ কোরিয়া। তার আগে দক্ষিণ কোরিয়ার প্রস্তুতি ক্যাম্পে ঘটে যায় অস্বস্তিকর এক ঘটনা। অনুশীলনের সময় হঠাৎ ক্যাম্পের ওপর একটি ড্রোন উড়তে দেখা যায়, যা ফুটবলারদের মধ্যে আতঙ্ক তৈরি করে।
দক্ষিণ কোরিয়ার কোচ হং মিউং বো জানান, ঘটনাটি তাদের প্রস্তুতিতে প্রভাব ফেলেছে। তার ভাষায়, অনুশীলনের সময় ড্রোনটি দেখা গেলেও সৌভাগ্যবশত তখনো ট্রেনিং শুরু হয়নি। তিনি আরও বলেন, ওই ড্রোনটি কেন এসেছে বা এটি গুপ্ত তথ্য সংগ্রহের জন্য ছিল কি না, তা তারা নিশ্চিত নন, তবে বিষয়টি খুবই দুর্ভাগ্যজনক এবং উদ্বেগজনক।
অন্যদিকে, মেক্সিকো ইতিমধ্যে তাদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে। আর দক্ষিণ কোরিয়া জিতেছে চেকিয়ার বিপক্ষে। ফলে এই ম্যাচটি দুই দলের জন্যই গ্রুপের শীর্ষে ওঠার লড়াই হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ঘটনার পর ড্রোনটি কার দ্বারা এবং কেন পাঠানো হয়েছিল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। কর্তৃপক্ষ এখনো নিশ্চিত নয় এটি সাধারণ নজরদারি ছিল নাকি কোনো নাশকতার উদ্দেশ্য ছিল।
এসএইচ







































