• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কবে এসএসসির ফল, জানালেন শিক্ষামন্ত্রী


নিজস্ব প্রতিবেদক জুন ১৮, ২০২৬, ০৬:৫৩ পিএম
কবে এসএসসির ফল, জানালেন শিক্ষামন্ত্রী

ফাইল ছবি

ঢাকা: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, আগামী ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য প্রকাশ করেন।

শিক্ষামন্ত্রী বলেন, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। প্রশ্নফাঁস বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই পরীক্ষা আয়োজন সম্ভব হয়েছে, যা সংশ্লিষ্ট সবার সহযোগিতার ফল।

তিনি জানান, সরকারের ঘোষিত ১৮০ দিনের কর্মসূচির আওতায় শিক্ষা খাতে সংস্কার, মানোন্নয়ন এবং শিক্ষার্থীবান্ধব বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে মন্ত্রণালয়।

ড. এহসানুল হক মিলন বলেন, দায়িত্ব গ্রহণের পরপরই প্রাথমিক ও মাধ্যমিক স্তরের স্থগিত থাকা বৃত্তি পরীক্ষাগুলো সম্পন্ন করা হয়েছে।

পাশাপাশি দীর্ঘদিন ধরে চলমান একটি সমস্যার সমাধান করা হয়েছে, যেখানে বিভিন্ন বেসরকারি ও কিন্ডারগার্টেন স্কুল বৃত্তি পরীক্ষার কার্যক্রমে সম্পৃক্ত হতো না। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সেই সমস্যার সমাধান করে বৃত্তি কার্যক্রম সফলভাবে শেষ করা হয়েছে।

সেশনজট কমিয়ে আনার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় নতুন পরিকল্পনা গ্রহণ করেছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, পাঠ্যসূচি সম্পন্ন হওয়ার পরপরই এসএসসি ও এইচএসসি পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা হচ্ছে।

শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সুবিধার্থে এক বছর আগেই এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে।

শিক্ষার মান উন্নয়নে চলমান বিভিন্ন প্রকল্পের কথাও তুলে ধরেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা খাতের উন্নয়ন ও আধুনিকায়নের জন্য যে প্রকল্পগুলো চলমান রয়েছে, সেগুলোর বাস্তবায়ন অব্যাহত আছে।

পিএস

Link copied!