• ঢাকা
  • শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হঠাৎ বিদ্যুৎকেন্দ্রে বাড়তি নিরাপত্তার নির্দেশ দিলো সরকার


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৬, ২০২৬, ০৮:১৫ পিএম
হঠাৎ বিদ্যুৎকেন্দ্রে বাড়তি নিরাপত্তার নির্দেশ দিলো সরকার

ফাইল ছবি

জাতীয় বিদ্যুৎ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 'কোর কমিটি'র সাম্প্রতিক সভার সিদ্ধান্ত অনুযায়ী এই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

বিদ্যুৎকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিতে গত ১৭ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নিরাপত্তা শাখা-২ থেকে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে জরুরি চিঠি পাঠানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই চিঠির আলোকেই ২৩ সেপ্টেম্বর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তর থেকে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের অনুরোধ জানিয়ে আরেকটি চিঠি জারি করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, গত ২৬ আগস্ট অনুষ্ঠিত কোর কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী দেশের প্রতিটি বিদ্যুৎকেন্দ্রকে বাড়তি নজরদারি ও নিরাপত্তার আওতায় আনতে হবে। জাতীয় স্বার্থে বিদ্যুৎ ব্যবস্থার মতো স্পর্শকাতর স্থানে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা নাশকতামূলক তৎপরতা না ঘটে, সে লক্ষ্যেই এই আগাম সতর্কতা।

ডিএমপি সদর দপ্তরের চিঠি ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এই নির্দেশনার অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জননিরাপত্তা বিভাগের সচিবসহ পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে। পরিস্থিতি বিবেচনায় জরুরি বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ইতোমধ্যেই নিরাপত্তা ও টহল বাড়ানোর উদ্যোগ নেওয়া শুরু হয়েছে।

এসএইচ 

Link copied!