• ঢাকা
  • শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আওয়ামী লীগের ঝটিকা মিছিল: গোয়েন্দা তথ্যের জটিলতায় পুলিশ


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৬, ২০২৬, ০৭:৪৯ পিএম
আওয়ামী লীগের ঝটিকা মিছিল: গোয়েন্দা তথ্যের জটিলতায় পুলিশ

ফাইল ছবি

দেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিল ও নানা অপতৎপরতা ঘিরে খোদ পুলিশের ভেতরেই তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আইনশৃঙ্খলা বাহিনীর একাংশ বলছেন, ঝটিকা মিছিল ও নাশকতার বিষয়ে আগাম গোয়েন্দা তথ্য না পাওয়ায় মাঠপর্যায়ে সময়মতো পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না। তবে দায়িত্বশীল ঊর্ধ্বতন কর্মকর্তাদের দাবি, তথ্য যথাসময়েই মিলছে এবং সে কারণেই অধিকাংশ তৎপরতা পণ্ড করে দেওয়া সম্ভব হচ্ছে।

সম্প্রতি রাজধানীর গুলশানের মতো সুরক্ষিত কূটনৈতিক এলাকায় দিনদুপুরে ঝটিকা মিছিলের ঘটনা ঘটে। সেখানেও পুলিশের আগাম তথ্যের ঘাটতি ছিল বলে গুঞ্জন ওঠে। একইভাবে বরিশালেও সম্প্রতি দলটির ঝটিকা মিছিল ও আকস্মিক ককটেল বিস্ফোরণের ঘটনায় গোয়েন্দা তথ্যের ঘাটতি নিয়ে আলোচনা জোরালো হয়ে উঠেছে।

বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের অভাবে কিংবা সঠিক তথ্য না পাওয়ায় ঘটনা ঘটে যাওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনীকে দৌড়ঝাঁপ শুরু করতে হচ্ছে।

বরিশাল নগরীতে গত আগস্টে আদালত প্রাঙ্গণে এবং সম্প্রতি ডিআইজি কার্যালয় সংলগ্ন মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ নিয়ে মাঠপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে তৈরি হয়েছে মানসিক চাপ।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পুলিশ কর্মকর্তা জানান, দৈনন্দিন মামলা তদন্ত ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি এমন আচমকা ঘটনায় সব দায় এসে পড়ে তাঁদের ওপর। গোয়েন্দা সংস্থাগুলো আগেভাগে তথ্য দিলে এসব প্রতিরোধ করা সহজ হতো।

তবে গোয়েন্দা ব্যর্থতার অভিযোগটি নাকচ করে দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার আবু রায়হান মোহাম্মদ সালেহ। তিনি জানান, গোয়েন্দা তথ্য নিয়মিতই পাওয়া যায়। শহরের কড়া নিরাপত্তা ও নিয়মিত টহলের কারণে নগরীর কেন্দ্রে তারা কোনো বড় নাশকতা চালাতে পারছে না।

বাইরের বিভিন্ন এলাকা থেকে সামান্য কয়েকজন এসে খুব দ্রুত ঝটিকা মিছিল করায় দু-একটি ঘটনা হয়তো নজর এড়িয়ে যায়, তবে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। চলতি মাসেই এসব অপতৎপরতার সঙ্গে জড়িত ৭০ জনেরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

এসএইচ 

Link copied!