• ঢাকা
  • রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মুক্তিযোদ্ধাদের দাফন ও সৎকার খরচে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৩, ২০২৬, ০২:৫৯ পিএম
মুক্তিযোদ্ধাদের দাফন ও সৎকার খরচে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ

ফাইল ছবি

মুক্তিযোদ্ধাদের মরদেহ সমাহিত, সৎকার ও পরিবহনের তাৎক্ষণিক ব্যয় নির্বাহের জন্য ২০২৬-২৭ অর্থবছরের বাজেট থেকে ৯ কোটি ৪৯ লাখ ৯৪ হাজার ৪০০ টাকা বরাদ্দ পেয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

গত ২৯ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের বাজেট অধিশাখা থেকে জারি করা এক আদেশে এ অর্থ বরাদ্দের কথা জানানো হয়। এই অর্থ দেশের বিভিন্ন জেলার জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অনুকূলে ছাড় দেওয়া হবে।

মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরের পরিচালন বাজেটের বিশেষ কার্যক্রমের আওতায় যুদ্ধাহত ও অন্যান্য মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা খাতের দাফন বাবদ অনুদান হিসেবে বরাদ্দকৃত ১৮ কোটি টাকা থেকে এই ব্যয় নির্বাহ করা হবে।

সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রশাসন নিজ নিজ জেলা বা উপজেলা হিসাবরক্ষণ কার্যালয় থেকে বরাদ্দের অর্থ উত্তোলন করবে। এর জন্য সারণি অনুযায়ী মোট বরাদ্দের অথোরিটি পাঠাতে চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারকে অনুরোধ করা হয়েছে।

ছাড়কৃত অর্থ চলতি অর্থবছরের বাজেটের নির্ধারিত দাফন বাবদ অনুদান খাতে সমন্বয় করা হবে এবং জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা যথাযথ বিলের মাধ্যমে ট্রেজারি থেকে তা উত্তোলন করবেন।

মন্ত্রণালয়ের শর্ত অনুযায়ী, মুক্তিযোদ্ধার মরদেহ সৎকার, সমাহিত ও মৃতদেহ পরিবহন ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে এ অর্থ ব্যয় করা যাবে না। অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারি আর্থিক বিধি-বিধান ও নিয়মাচার যথাযথভাবে অনুসরণ করতে হবে এবং কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট বিতরণকারী কর্তৃপক্ষকে দায়ী থাকতে হবে।

এ ছাড়া আগামী ২০২৭ সালের ৩০ জুনের পর কোনো অর্থ অব্যয়িত থাকলে, তা সরকারি কোষাগারের নির্ধারিত খাতে জমা দিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।

দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক ও সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়ার পাশাপাশি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আদেশটি প্রকাশের জন্য সিস্টেম এনালিস্টকে অনুরোধ করা হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব (বাজেট) ডা. মু. আসাদুজ্জামান এই আদেশে স্বাক্ষর করেছেন।

এসএইচ 

Link copied!