• ঢাকা
  • বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শেখ হাসিনার বিষয়ে অবস্থান স্পষ্ট করল ভারত


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৫, ২০২৬, ০৮:২৪ পিএম
শেখ হাসিনার বিষয়ে অবস্থান স্পষ্ট করল ভারত

ছবি: সংগৃহীত

ঢাকা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্পনা এবং ঢাকার করা প্রত্যর্পণের অনুরোধ—দুটো পৃথক বিষয়।

বুধবার (২৫ নভেম্বর) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স সম্প্রতি জানিয়েছে, ভারতে দুই বছরের বেশি সময়ের নির্বাসন শেষে আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা। এ জন্য পাসপোর্টের মতো ভ্রমণসংক্রান্ত নথি এবং রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে দেশে ফেরার ব্যবস্থা করার অনুরোধও জানিয়েছেন তিনি। তবে বাংলাদেশ সরকার বলেছে, ভারত কেবল প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই তাকে ফেরত পাঠাতে পারে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, প্রত্যর্পণের অনুরোধটি বিদ্যমান আইনি কাঠামোর আওতায় প্রক্রিয়াধীন একটি আইনি বিষয়। তবে এ বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।

জয়সওয়াল বলেন, ‘প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুসারে অনুরোধটি পরীক্ষা করা হচ্ছে। কোনো নাগরিকের স্বেচ্ছায় দেশে ফেরার ইচ্ছার বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা।’

তিনি আরও বলেন, ‘এটি শেখ হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়।’

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দেওয়ার পরপরই বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ বিষয়ে দেশের অবস্থান স্পষ্ট করেন। তিনি জানান, প্রত্যর্পণ ছাড়া হাসিনার দেশে ফেরার সুযোগ নেই। অর্থাৎ স্বেচ্ছায় দেশে ফেরার পথ কার্যত বন্ধ।

পিএস

Link copied!