• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হঠাৎ সদলবলে বাংলাদেশ ব্যাংকে মির্জা আব্বাস


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১২, ২০২৬, ০২:৫৮ পিএম
হঠাৎ সদলবলে বাংলাদেশ ব্যাংকে মির্জা আব্বাস

ছবি : প্রতিনিধি

ঢাকা: সদলবলে বাংলাদেশে ব্যাংকে এসেছেন ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার (১২ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে হঠাৎ করে বিশাল বহর নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিল্ডিংয়ে প্রবেশ করেন তিনি।

এসময় তার সাথে শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিল। তারা নিরাপত্তা কর্মীদের বাধা উপেক্ষা করে গভর্নর বিল্ডিংয়ের নিচ তলায় প্রবেশ করে। তবে চারজনের পাশ নিয়ে মির্জা আব্বাস ভেতরে প্রবেশ করেন। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের বাইরে ও সোনালি ব্যাংকের গেটে আরও শতাধিক কর্মীকে অবস্থান নিতে দেখা যায়। 

মির্জা আব্বাস প্রথমে গভর্নর বিল্ডিংয়ের তৃতীয় তলায় অবস্থান করেন। সেখান আধা ঘণ্টার মতো অবস্থানের পর ৩০ তলা ভবনে যান। তখনও তার সঙ্গে অনেক নেতাকর্মী ছিল। তিনি কী জন্য কেন্দ্রীয় ব্যাংকে এসেছেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে তার সঙ্গে আসা একজন বলেন, আব্বাস ভাই নিয়মিত ব্যাংকের কাজে এসেছেন। তেমন কিছু না।

সম্প্রতি মির্জা আব্বাস নির্বাচন কমিশনে তার হলফনামা দাখিল করেছেন। তার অস্থাবর সম্পত্তির দাম ৭০ কোটি টাকা দেখিয়েছেন মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায়। স্থাবর সম্পত্তির বর্তমান মূল্য দেখিয়েছেন ‘অজানা’, তবে এর অর্জনকালীন দাম দেখিয়েছেন পৌনে চার কোটি টাকা। সেই সঙ্গে ২৫ কোটি টাকা দায় থাকার তথ্যও জানিয়েছেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনে ধানের শীষের প্রার্থী হচ্ছেন মির্জা আব্বাস। এর আগে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি, অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়রের দায়িত্বও পালন করেন। তার ছেলে ইয়াসির আব্বাস ঢাকা ব্যাংকের পরিচালকের দায়িত্বে রয়েছেন।

এএইচ/পিএস

Link copied!