ছবি : সংগৃহীত
ঢাকা: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভোট শান্তিপূর্ণ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য হোক এটাই আমাদের প্রত্যাশা। ভোট যখন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, আমরাও মানবো অন্যদেরকে মানতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য, আমরা এটাই চাই।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোট দিয়ে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, জাতি এই ভোটের অনেক অপেক্ষায় ছিল। বিশেষ করে যুব সমাজ। ভোট সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য হোক এটা আমরা দোয়া করি। এই ভোটের মাধ্যমে, দেশে এমন সরকার গঠিত হোক, যে সরকার কোনো ব্যক্তি, পরিবার কিংবা দলের হবে না। বরং যে সরকার হবে ১৮ কোটি মানুষের। আমরা সেই সরকার গঠনের ব্যাপারে আশাবাদী।
শফিকুর বলেন, আজকে ভোট দিয়ে এখান থেকে শুরু করলাম। পরবর্তীতে অন্যান্য কেন্দ্রে যাবো। আমি আপনাদের সবার সহযোগিতা চাই। আমাদের সবাইকে দেশটা গড়তে হবে।
শফিকুর রহমান বলেন, আমরা ছোটখাটো বিষয় এড়িয়ে যাবো, অবশ্যই বড় কোনো বিষয় হলে ছাড় দেবো না। মানুষের ভোটের অধিকার হারিয়ে যাক যেটা আমরা কোনোভাবে চাই না।
পিএস







































