• ঢাকা
  • শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জিয়াউর রহমানের গণভোট জায়েজ হলে এখন অবৈধ কেন: ডা. শফিকুর রহমান


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৮, ২০২৬, ০৮:৪৬ পিএম
জিয়াউর রহমানের গণভোট জায়েজ হলে এখন অবৈধ কেন: ডা. শফিকুর রহমান

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার এখন গণভোটকে অবৈধ বললেও এই প্রস্তাব একসময় তারাই দিয়েছিল। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ের গণভোট যদি বৈধ হয়, তাহলে সর্বশেষ গণভোট কেন অবৈধ হবে-এই প্রশ্ন তোলেন তিনি।

শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের জেলা ও মহানগরীর আমির সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল-ফালাহ মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

ডা. শফিকুর রহমান সরকারি দলের সমালোচনা করে বলেন, দেশে জ্বালানি সংকট নেই বলা হলেও লোডশেডিং এখন গড়ে ৬ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত হচ্ছে। ঘোষিত ও অঘোষিত লোডশেডিং মিলিয়ে পরিস্থিতি আরও ভয়াবহ। যদি বিদ্যুৎ ও জ্বালানি সংকট না থাকে, তাহলে এই লোডশেডিং কেন হচ্ছে—সেই প্রশ্নও তোলেন তিনি।

অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম, হামিদুর রহমান আযাদসহ কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা-মহানগরীর নেতারা উপস্থিত ছিলেন।

জুলাই আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, যারা আন্দোলনে শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন, তাদের প্রতি জামায়াত গভীর শ্রদ্ধা জানায়। একই সঙ্গে যারা নির্যাতন, কারাবরণ ও গুমের শিকার হয়েছেন, তাদের প্রতিও সমবেদনা জানান তিনি।

তিনি আরও অভিযোগ করেন, দেশে চাঁদাবাজি, দ্রব্যমূল্য বৃদ্ধি ও জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগে রয়েছে। কৃষি ও সামাজিক সেবার বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ হচ্ছে বলেও দাবি করেন তিনি।

অন্তর্বর্তী সরকারের সময় নির্বাচন প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, নির্বাচন পরিচালনায় অনিয়ম ও ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ রয়েছে। বিচার বিভাগ ও প্রশাসনে দলীয় প্রভাব বিস্তারেরও সমালোচনা করেন তিনি।

ব্যাংক রেজ্যুলেশন অধ্যাদেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আর্থিক খাতে অস্থিরতা তৈরি হচ্ছে। বিচার বিভাগের স্বাধীনতা নিয়েও তিনি শঙ্কা প্রকাশ করেন এবং দলীয় প্রভাবমুক্ত বিচার ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান।

সবশেষে ডা. শফিকুর রহমান গণভোটসহ বিভিন্ন ইস্যুতে সরকারের অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে বলেন, জনগণের রায়কে সম্মান জানিয়ে শাসনব্যবস্থাকে স্বচ্ছ ও গণতান্ত্রিক পথে এগিয়ে নিতে হবে।

এসএইচ 

Link copied!