• ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দীর্ঘ ২১ বছর পর বাংলাদেশের অষ্ট্রেলিয়া জয়


ক্রীড়া ডেস্ক জুন ৯, ২০২৬, ০৮:৩০ পিএম
দীর্ঘ ২১ বছর পর বাংলাদেশের অষ্ট্রেলিয়া জয়

ছবি : সংগৃহীত

ঢাকা: সময়টা দীর্ঘ ২১ বছরের। কার্ডিফে মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরিতে ২০০৫ সালে অস্ট্রেলিয়া বধের গল্প। এরপর আর কখনও অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাতে পারেনি বাংলাদেশ। সেটিই ছিল প্রথম এবং একমাত্র জয়।

অবশেষে ঘুচলো দীর্ঘদিনের আক্ষেপ। অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে দ্বিতীয়বারের মতো হারালো বাংলাদেশ।

অষ্ট্রেলিয়াকে রীতিমতো কোণঠাসা করে রেখেছিল টিম টাইগার। জয়ের জন্য যখন বাংলাদেশের দরকার মাত্র ১ উইকেট। ঠিক তখন বাগড়া দেয় বৃষ্টি আর বজ্রপাত। প্রায় ১ ঘণ্টা অপেক্ষার পর ম্যাচ আর শুরু করা না গেলে আম্পায়াররা বাংলাদেশের জয় ঘোষণা করে। বৃষ্টি আইনে টাইগাররা জেতে ৮৬ রানে।

বড় ব্যবধানের এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে মেহেদী হাসান মিরাজের দল।

মিরপুরে ২৮৬ রান ডিফেন্ড করতে নেমে দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথু শর্টের উইকেট উপড়ে ফেলেন তাসকিন আহমেদ। ফলে রানের খাতায় কিছু যোগ হওয়ার আগেই উইকেট হারায় অজিরা।

পরের ওভারে আরও এক উইকেট। এবার মোস্তাফিজুর রহমানের বলে এলবিডব্লিউ মার্নাস লাবুশেন (১)। আম্পায়ার শুরুতে আউট দেননি। পরে রিভিউ নিয়ে জেতে বাংলাদেশ। ফলে ২ রানে ২ উইকে হারায় সফরকারী দল।

এরপর অনেকটাই সেট হয়ে গিয়েছিলেন জশ ইংলিশ। নাহিদ রানার দুর্দান্ত এক ডেলিভারিতে পরাস্ত হন তিনি। রানার গতিতে ব্যাট পেতে দিয়ে উইকেটরক্ষকের ক্যাচ হন ইংলিশ (১৯)। ৫১ রানে তৃতীয় উইকেটের পতন ঘটে অস্ট্রেলিয়ার।

এবার মোসাদ্দেকের ঘূর্ণি বুঝতে না পেরে বোল্ড হন অস্ট্রেলিয়ার সেট ব্যাটার কপার কনোলি (৩৫)। একশর আগে (৯১ রানে) ৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া।

এরপর নাহিদ রানার গতিতে পরাস্ত হন অস্ট্রেলিয়ার আরও এক ব্যাটার। ফিফটি হাতছাড়া করেন অ্যালেক্স ক্যারে (৪৭)। এবারও পেসে ভড়কে দিন রানা। ক্যারে ব্যাট ছুইয়ে ক্যাচ দেন উইকেটরক্ষক লিটন দাসকে।

ম্যাট রেনশকে (২) এলবিডব্লিউ করেন মোসাদ্দেক। এরপর টানা দুই ওভারে দুই লোয়ার অর্ডারকে সাজঘরে ফেরান নাহিদ রানা। ১৫৬ রানে ৯ উইকেট হারানোর পর আর ম্যাচে ফেরার সুযোগ ছিল না অস্ট্রেলিয়ার।

ক্যামেরন গ্রিন পরাজয়ের ব্যবধান কমানোর চেষ্টা করে গেছেন। একপ্রান্ত ধরে ফিফটি তুলে নেন তিনি ৬৪ বলে। তবে শেষ পর্যন্ত তিনি অপরাজিতই থেকে যান ৫২ রানে। ৪২.২ ওভারে ৯ উইকেটে ১৯১ রানে থামে অস্ট্রেলিয়া।

পিএস

Link copied!