• ঢাকা
  • শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ নেতাকর্মীকে মামলা থেকে অব্যাহতি


বরিশাল প্রতিনিধি   ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০১:৫৬ পিএম
নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ নেতাকর্মীকে মামলা থেকে অব্যাহতি

ছবি : প্রতিনিধি

বরিশাল: বরিশালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৩ নেতাকর্মীকে একটি মামলায় খালাস দিয়েছেন আদালত। খালাসপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও শ্রমিক লীগের বর্তমান সদস্য সচিব রইজ আহমেদ মান্নাও।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে শুনানি শেষে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুরুন নাজনীন এ রায় ঘোষণা করেন।

আসামিদের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট এসএম আতিকুল ইসলাম রফিক, অ্যাডভোকেট মামুন চৌধুরি, একেএম আমিনুল ইসলাম সেন্টু ও আর্শিব সন্যামত। আদালতের বেঞ্চ সহকারী রেজাউল ইসলাম খালাসের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আদালত যাদের খালাস দিয়েছেন তারা হলেন- রইজ আহমেদ মান্না, রিশাদ আহমেদ নাদিম, পারভেজ হাওলাদার, শান্ত ইসলাম, মেহেদী হাসান সম্পদ, মিজানুর রহমান শাওন, মামুন হাওলাদার, আল আমিন হাওলাদার, রাসেদ হাওলাদার, ইমরান হোসেন সজিব ও ফাহিমসহ মোট ১৩ জন।

এরা সবাই বরিশাল মহানগর ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাকর্মী হিসেবে পরিচিত।

আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের সময় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের কর্মীদের ওপর হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

অভিযোগে উল্লেখ করা হয়, ২০২৩ সালের ১৪ মে রাতে নগরীর কাউনিয়া মহাশ্মশানের সামনে মেয়র প্রার্থীর চার কর্মীকে মারধরের ঘটনা ঘটে। ওই রাতেই র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১৩ জনকে আটক করা হয়।

পরবর্তীতে আহত ব্যক্তি মনা আহম্মেদ বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা দায়ের করেন। মামলায় ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছিল।

দীর্ঘ শুনানি ও তদন্ত কার্যক্রম শেষে আদালত অভিযোগের যথাযথ প্রমাণ না পাওয়ায় অভিযুক্ত ১৩ জনকে মামলা থেকে অব্যাহতি প্রদান করেন। রায়ের পর আসামিপক্ষের আইনজীবীরা জানান, ন্যায়বিচারের মাধ্যমে সত্য প্রতিষ্ঠিত হয়েছে। তারা দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় আসামিদের হয়রানি করা হয়েছিল।

পিএস

Wordbridge School
Link copied!