নতুন গঠিত মন্ত্রিসভায় বরিশাল বিভাগ থেকে স্থান পেয়েছেন মোট পাঁচজন সংসদ সদস্য। এর মধ্যে দুজন পূর্ণমন্ত্রী এবং তিনজন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। অভিজ্ঞ রাজনীতিকের পাশাপাশি প্রথমবার নির্বাচিত সাংসদরাও সুযোগ পেয়েছেন এবারের মন্ত্রিসভায়।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসন থেকে ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য।
রাজনৈতিক জীবনে তিনি ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তৃতীয় জাতীয় সংসদে নির্বাচিত হন। পরবর্তীতে ধারাবাহিকভাবে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। অতীতে তিনি বাণিজ্য প্রতিমন্ত্রী, পানিসম্পদ মন্ত্রী এবং বাণিজ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
নতুন মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে বরিশাল-২ আসন থেকেও সংসদ সদস্য নির্বাচিত হন। দলীয় মিডিয়া সেলের আহ্বায়ক হিসেবেও তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন।
বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসন থেকে প্রথমবার নির্বাচিত সংসদ সদস্য রাজীব আহসান প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তিনি সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য নুরুল হক নুর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। তিনি গণঅধিকার পরিষদের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি।
পিরোজপুর-২ আসন থেকে প্রথমবার নির্বাচিত সংসদ সদস্য আহম্মদ সোহেল মঞ্জুর সুমন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তিনি মুক্তিযুদ্ধের নবম সেক্টরের বেসামরিক প্রধান ও সাবেক প্রতিমন্ত্রী মো. নুরুল ইসলাম মঞ্জুর পুত্র।
নতুন মন্ত্রিসভায় বরিশাল বিভাগের প্রতিনিধিত্ব বৃদ্ধি পাওয়ায় স্থানীয় পর্যায়ে রাজনৈতিক মহলে আলোচনা তৈরি হয়েছে। দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা নিজ নিজ মন্ত্রণালয়ে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।
এম







































