ছবি: প্রতিনিধি
পাবনার বেড়ায় দোকানে বসে কম্পিউটারে জাল সনদপত্র ও জন্মসনদ তৈরি করার অভিযোগে দুই যুবককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার বিকেলে পৌর সদরের মঞ্জুর কাদের মহিলা ডিগ্রি কলেজ গেট এলাকায় অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরে মায়িশা খান। এ সময় অভিযুক্ত আকাশ হোসেন ও রাকিব হোসেনকে যথাক্রমে ১০ হাজার ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শিক্ষাবোর্ড ও বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট তৈরি করে বিক্রির অভিযোগ পেয়ে কৌশলে দুজনকে সনদ তৈরি করতে পাঠানো হয়। তখন রাকিব জানান, তারা অষ্টম শ্রেণি পর্যন্ত সনদ তৈরি করতে পারেন, আর এসএসসি সনদ পাশের দোকান আকাশ কম্পিউটার থেকে করা যায়।
পরে অভিযান চালিয়ে দুই দোকান থেকেই জাল সনদ তৈরির সফটওয়্যার, ওয়ার্ড ফাইলসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়। ঘটনাস্থলে পাওয়া দুটি জন্মসনদ ও দুটি সনদ অনলাইনে যাচাই করে নকল প্রমাণিত হয়।
স্বীকারোক্তির ভিত্তিতে বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০-এর ১৭০ ধারায় তাদের জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরে মায়িশা খান বলেন, অভিযুক্তদের পারিবারিক অবস্থা বিবেচনায় মুচলেকা নিয়ে জেল না দিয়ে জরিমানা করা হয়েছে। তবে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এসএইচ







































