ছবি: প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে শুক্তগড় ইউনিয়ন ছাত্রদল সভাপতি জান্নাতুল ফেরদাউস রিপনের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়ানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় নেতারা। তারা এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার আখ্যা দিয়েছেন।
রবিবার বিকাল ৪টায় রাজাপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শুক্তগড় ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ মো. আব্দুল আলীম লিখিত বক্তব্যে জানান, গত ২৪ মার্চ রাতে একটি চুরির ঘটনার প্রেক্ষিতে হামলার ঘটনা ঘটে। তবে বিএনপির কিছু স্বার্থান্বেষী মহল বিষয়টিকে রাজনৈতিকভাবে ব্যবহার করে জামায়াত ও উপজেলা আমীর মাওলানা কবির হোসেনকে জড়ানোর চেষ্টা করছে।
তিনি আরও বলেন, ঘটনার দিন তিন, উপজেলা আমীর ও একজন ইউনিয়ন সেতা অসুস্থ কর্মীকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন। সিসিটিভি ফুটেজ এই তথ্য প্রমাণ করতে পারবে। এছাড়া সম্প্রতি শুক্তগড়সহ আশপাশের এলাকায় জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। হাফেজ আব্দুল আলীম সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের শূরা সদস্য ডাঃ হেমায়েত উদ্দীন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার ইউসুব আলী, সদর ইউনিয়ন আমীর মাওলানা আইয়ুব আলী, উপজেলা সাবেক সেক্রেটারি মাস্টার ফারুক আহমেদসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসএইচ







































