• ঢাকা
  • রবিবার, ২৯ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শুটিংয়ে গিয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা রাহুল


বিনোদন ডেস্ক মার্চ ২৯, ২০২৬, ০৮:৫২ পিএম
শুটিংয়ে গিয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা রাহুল

শুটিং করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন ভারতীয় অভিনেতা রাহুল অরুণোদয়।  জানা গেছে, মাত্র ৪৩ বছর বয়সী টলিউডের জনপ্রিয় অভিনেতা ও সঞ্চালক রাহুল রবিবার (২৯ মার্চ) ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করছিলেন সৈকতে।

দৃশ্যের দরকারে তালসারির সৈকত থেকে পানিতে নামেন। সেখানেই তলিয়ে গেলে ইউনিট টেকনিশিয়ানরা উদ্ধার করেন। পানিতে ডুবে মৃত্যু বলেই প্রাথমিক ধারণা।  দিঘা হাসপাতালে অভিনেতাকে দ্রুত নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।

ধারাবাহিকে রাহুলের জেঠুর চরিত্রে অভিনয় করেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, রবিবার সকালে ধারাবাহিকের সবাই দিঘার তালসারিতে শুটিং করতে গিয়েছিলেন। ভাস্করের কথায়, ‘জলে ডুবে মৃত্যু হয়েছে ওর। মর্মান্তিক ঘটনা। ঘটনাটি প্যাকআপের পরে ঘটেছে। তবে ঠিক কিভাবে ঘটেছে তা এখনও স্পষ্ট নয়।’

ভাস্কর আরও জানান, তারা শুটিং করে মধ্যাহ্নভোজ করতে গিয়েছিলেন। রাহুল আরও কয়েকটি শট দিয়ে আসবেন বলে জানিয়েছিলেন। ‘কিন্তু এমন কিছু ঘটে যাবে ভাবতেও পারছি না। অবাক লাগছে। সুস্থ তরতাজা মানুষ এভাবে চলে গেল। ভাবা যাচ্ছে না।’ যোগ করলেন রাহুলের সহশিল্পী। সূত্র: আনন্দবাজার 

এম

Wordbridge School
Link copied!