ছবি: প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে জ্বালানি তেলের অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক বিক্রেতাকে জরিমানা করেছে।
রোববার সকালে জামালপুর ইউনিয়নের বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দুইজন জ্বালানি বিক্রেতার মজুদ ও বিক্রয় কার্যক্রম পরিদর্শন করা হয়। এ সময় খুচরা বিক্রেতা তোতা মিয়ার বিরুদ্ধে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রয়ের অভিযোগ প্রমাণিত হয়। তিনি তাৎক্ষণিকভাবে অভিযোগ স্বীকার করেন। তার দোকানে কোনো মূল্য তালিকাও প্রদর্শন করা হয়নি।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন। তিনি জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসএইচ







































