• ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পাথরঘাটায় দরিদ্র পরিবারের মাঝে হাঁস বিতরণ


পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি জুন ১৭, ২০২৬, ০৫:৪৪ পিএম
পাথরঘাটায় দরিদ্র পরিবারের মাঝে হাঁস বিতরণ

ছবি: প্রতিনিধি

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবিকা নিশ্চিত করতে বরগুনার পাথরঘাটা উপজেলায় ১২০টি পরিবারের মাঝে জলবায়ু-সহনশীল হাঁস বিতরণ করা হয়েছে।

বুধবার ব্র্যাকের পাথরঘাটা প্রকল্প কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই হাঁস বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রতিনিধি ও উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) গাজী কামাল উদ্দিন। অনুষ্ঠানে ১২০ জন উপকারভোগীর প্রত্যেককে ২০টি করে হাঁস দেওয়া হয়।

অনুষ্ঠানে জানানো হয়, এই উদ্যোগের লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় দরিদ্র ও প্রান্তিক পরিবারের জন্য বিকল্প ও টেকসই জীবিকার সুযোগ সৃষ্টি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং হাঁস পালনের মাধ্যমে পারিবারিক আয় বৃদ্ধি করা। হাঁস বিতরণের পাশাপাশি অংশগ্রহণকারীদের আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে হাঁস পালন, রোগ প্রতিরোধ, খাদ্য ব্যবস্থাপনা এবং পরিচর্যা বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে তাঁরা দীর্ঘমেয়াদে সফলভাবে হাঁস পালন করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন।

উপকারভোগী ফাতেমা আক্তার বলেন, ব্র্যাকের কাছ থেকে ২০টি হাঁস পেয়ে তিনি খুবই আনন্দিত। এই হাঁসগুলো পালন করে পরিবারের আয় বাড়ানোর পাশাপাশি সন্তানদের পুষ্টিকর খাদ্যের চাহিদা পূরণ করতে পারবেন। এ ছাড়া জলবায়ুজনিত দুর্যোগের সময় হাঁস পালন থেকে অর্জিত আয় তাঁদের পরিবারের জন্য সহায়ক হবে। ব্র্যাকের এই সহযোগিতা তাঁদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. আসাদুজ্জামান, প্রজেক্ট অপারেশন ম্যানেজার হুমায়ূন আহমেদ, সেক্টর স্পেশালিস্ট এবং ব্র্যাকের রেইন ফর লাইফ প্রকল্পের অন্যান্য কর্মকর্তারা।

এসএইচ 

Link copied!