• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বন্ধকী স্বর্ণ ও নগদ টাকাসহ উধাও স্বর্ণ ব্যবসায়ী 


পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি জুলাই ৯, ২০২৬, ০৩:২৬ পিএম
বন্ধকী স্বর্ণ ও নগদ টাকাসহ উধাও স্বর্ণ ব্যবসায়ী 

ছবি : প্রতিনিধি

পাথরঘাটা: বরগুনার পাথরঘাটায় গ্রাহকদের বন্ধক রাখা স্বর্ণ অলংকার এবং নগদ টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বাবুল কুলু (৪২) নামক এক স্বর্ণকার ও বন্ধকী ব্যবসায়ীর বিরুদ্ধে। এ বিষয়ে ভুক্তভোগীদের পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে পাথরঘাটা প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে।

বাবুল কুলুর বাবার নাম সঙ্ঘুনাথ কুলু। তাদের গ্রামের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সন্যাসী খেজুরবাড়িয়া এলাকায়।

সে দীর্ঘদিন যাবত পাথরঘাটার কাঁঠালতলী বাজারে স্বর্ণকার এবং বন্ধকী ব্যবসায়ী হিসেবে ব্যবসা-বাণিজ্য করে আসছিল।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষ থেকে নাজমুল হাসান রাসেল বলেন, আমরা সরল বিশ্বাসে বাবুলের স্বর্ণের দোকানে আমাদের স্বর্ণালংকার বন্ধক রাখি। কিন্তু আমাদের বিশ্বাসের অমর্যাদা করে তিনি গত ২৭ জুন থেকে স্বর্ণ অলংকার এবং নগদ টাকাসহ আত্মগোপনে চলে যায়। এখন আমরা দিশেহারা হয়ে পড়েছি

সংবাদ সম্মেলনে শিক্ষক বিবেকানন্দ হাওলাদার বলেন, অত্যন্ত মিষ্টি ভাষা দিয়ে এলাকাবাসীর মন জয় করে বাবুল। এখানে এসে সে দীর্ঘদিন ধরে ব্যবসা করে এবং মেয়ের বিয়েও দেয়। হিন্দু-মুসলমান সবার সঙ্গে  ভালো সম্পর্ক তৈরি করে নেয়। এভাবে চলতে থাকে তার ব্যবসা বাণিজ্য। আমার ছেলে ঢাকায় ওষুধের ব্যবসা করে। তার প্রয়োজনের তাগিদে বাড়ির স্বর্ণালংকার বন্ধক রেখে স্বর্ণকার বাবুলের কাছ থেকে এক লক্ষ টাক নেই। সুদসহ এক লাখ ২৭ হাজার টাকা তাকে জমা দেই। কিন্তু সে অলংকার ফেরত দিতে নানা তালবাহানা শুরু করে এবং পালিয়ে যায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত খলিল জমাদার বলেন, আমাদের স্বর্ণ এবং আমাদের টাকা পয়সা আমরা ফেরত চাই।

গৃহিণী হাওয়া আক্তার বলেন, পাথরঘাটা পুলিশের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে আমাদের সম্পদ স্বর্ণালংকার গুলো এবং নগদ টাকা উদ্ধারে আপনারা একটু তৎপর হন। আপনাদের হস্তক্ষেপ না হলে আমাদের অনেকগুলো পরিবার একেবারে নিঃস্ব হয়ে যাবে।

অভিযোগের বিষয়ে স্বর্ণ ব্যবসায়ী বাবুল কুলুর বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। এছাড়া স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি সপরিবারে এলাকা ছেড়ে চলে গেছেন। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

বিষয়টি প্রসঙ্গে পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম বলেন, হ্যাঁ এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে একটি  অভিযোগ আমরা পেয়েছি। এবং বিভিন্ন লোকজনের নিকট থেকে স্বর্ণালঙ্কার / টাকা নিয়ে পালিয়েছে এমনটি তারা জানিয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

পিএস

Link copied!