ছবি : প্রতিনিধি
পাবনা: পাবনার সাঁথিয়ায় লোকালয়ে ঢুকে একটি পাগলা শিয়াল নারী-শিশুসহ অন্তত ১১ জনকে কামড়ে আহত করার খবর পাওয়া গেছে। পরে গ্রামবাসী একজোট হয়ে শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলেছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল চারটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে সাঁথিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ড শালঘর মহল্লা ও গৌরীগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
শিয়ালের কামড়ে আহত ব্যক্তিদের সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এলাকাবাসী জানায়, শালঘর মহল্লার মো. রফিক বাড়ির পাশে পুকুর পাড়ে বেঁধে রাখা একটি ছাগল আনতে গেলে প্রথমে তিনি পাগলা শিয়ালের হামলার শিকার হয়। এরপর শিয়ালটি একে একে গ্রামের বিভিন্ন বাড়িতে ঢুকে আরও কয়েকজনকে কামড়ে আহত করে।
আহত ব্যক্তিরা হলেন, সুরাইয়া (৫), আলো খাতুন (৩৫), ছোনিয়া (১০) তারা সবাই শালঘর মহল্লার বাসিন্দা। এছাড়াও গৌরীগ্রাম ইউনিয়নের সাতবিলা গ্রামের সিনহা (৩), জুবাইধা (৪), লাখি (৩০), মংলা খাতুন (৭০), বায়জিত (৬), হেনা (৪২), শামসুর (২২) ও শাহিদা বেগম (৫০) পাগলা শিয়ালের আক্রমনের শিকার হয় বলে জানা গেছে।
এতে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আত্মরক্ষার্থে গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে আসে। বিকেল পাঁচটার দিকে গ্রামের শতাধিক মানুষ শিয়ালটিকে খুঁজতে বের হয় এবং পাশের একটি ঝোপ থেকে সেটিকে ধরে পিটিয়ে হত্যা করে মহল্লাবাসী।
সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহফুজ আলম জানান, আহতদের জলাতঙ্ক প্রতিরোধে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে। শিয়ালটি মারা পড়লেও আহতদের পরিবার এবং পুরো এলাকায় এখনও উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
পিএস







































