• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৩০, ২০২৬, ০৬:২৯ পিএম
খেলাপি ঋণ কমাতে ১৮ মাসের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

ফাইল ছবি

ঢাকা: ব্যাংক খাতে খেলাপি ঋণ কমানো ও আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে সরকার ও বাংলাদেশ ব্যাংক যৌথভাবে ১৮ মাসের একটি পরিকল্পনা গ্রহণ করেছে। এ পরিকল্পনার আওতায় খেলাপি ঋণ আদায় জোরদার, ঋণ পরিশোধে নতুন ব্যবস্থা কার্যকর এবং ব্যাংক খাতের সংস্কারে গুরুত্ব দেওয়া হচ্ছে। শিগগির এ পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করা হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ত্রৈমাসিক মুদ্রানীতি ঘোষণা অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান এসব কথা বলেন।

তিনি জানান, খেলাপি ঋণ আদায়ে ‘বুলেট পেমেন্ট’ ও ‘ওয়ান-টাইম এক্সিট’ ব্যবস্থার মতো নীতিগত উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নে কিছুটা ধীরগতি থাকলেও আগামী ১৮ মাসের মধ্যে ব্যাংক খাতে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি অর্থনীতির উৎপাদনশীল খাত সচল রাখার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে বলে জানান ডেপুটি গভর্নর।

তিনি বলেন, অন্য অনেক দেশে নীতিগত সুদহার কমানোর প্রবণতা থাকলেও বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বর্তমান ৮ দশমিক ৫ শতাংশ পলিসি রেট এখনো কঠোর অবস্থানে রয়েছে।

‘মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে শুধু ঋণ ও তারল্য ব্যবস্থাপনায় পরিবর্তন আনলেই হবে না, সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধি এবং বাজারে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করাও জরুরি।’ উৎপাদন ব্যয় ও মূল্যস্ফীতির মধ্যে ভারসাম্য আনতে এসব বিষয়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে উল্লেখ করেন ডেপুটি গভর্নর।

এএইচ/পিএস

Link copied!