• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নীতিমালার বাইরে ডিলার নিয়োগ হলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নভেম্বর ৫, ২০২৬, ০৫:৫৯ পিএম
নীতিমালার বাইরে ডিলার নিয়োগ হলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী

ছবি: প্রতিনিধি

সার ডিলার নিয়োগে সরকারের নির্ধারিত নীতিমালা অনুসরণ করা হয়েছে জানিয়ে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, নীতিমালার বাইরে কাউকে ডিলার নিয়োগ দেওয়া হয়ে থাকলে সে বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেবে সরকার।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকার কৃষি উদ্যোক্তা আতিক উদ্দিনের গ্রীষ্মকালীন টমেটো খেত এবং একই ইউনিয়নের বিলবৈটা এলাকার উদ্যোক্তা মোহাম্মদ আলীর বাগান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, সার ডিলার নিয়োগের ক্ষেত্রে সরকার একটি নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করেছে। ওই নীতিমালায় ডিলার হওয়ার জন্য বেশ কিছু শর্ত নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত শর্তগুলো পূরণ করলেই একজন ব্যক্তি ডিলারশিপ পাওয়ার যোগ্য হবেন।

তিনি আরও বলেন, সরকারের নির্ধারিত নীতিমালা অনুসরণ করেই ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে জেলা প্রশাসকের (ডিসি) নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কোনো একক ব্যক্তির স্বাক্ষরে বা একক সিদ্ধান্তে ডিলার নিয়োগ দেওয়া হয়নি। তবে নীতিমালার বাইরে গিয়ে কোথাও কাউকে ডিলার নিয়োগ দেওয়া হয়ে থাকলে সে বিষয়ে সরকার নতুন করে সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

পরিদর্শনকালে কৃষিমন্ত্রী স্থানীয় কৃষি উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের উৎপাদন কার্যক্রম, চাষাবাদের পদ্ধতি ও কৃষির সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় জেলা প্রশাসক আবু ছালেহ মুসা জঙ্গি, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আতিকুল ইসলামসহ প্রশাসন ও কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এসএইচ 

Link copied!