ছবি: প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি। উপজেলার পালট গ্রামের অসহায় ও হতদরিদ্র জবেতন বিবিকে নিজ উদ্যোগে নতুন একটি ঘর নির্মাণ করে দিয়েছেন তিনি।
দীর্ঘদিন ধরে ভাঙা, জরাজীর্ণ ও নড়বড়ে একটি ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন বৃদ্ধা জবেতন বিবি। বৃষ্টি এলেই ঘরে পানি পড়ত, আর ঝড় উঠলেই ঘর ভেঙে পড়ার আতঙ্কে নির্ঘুম রাত কাটত তাঁর। মাথা গোঁজার একটি নিরাপদ ঠাঁই পাওয়া ছিল তাঁর জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। বিষয়টিতে ইউএনও রিফাত আরা মৌরির নজর পড়ার পর তিনি দ্রুত জবেতন বিবির জন্য নতুন ঘর নির্মাণের ব্যবস্থা করেন।
নতুন ঘর পাওয়ার পর আনন্দে আত্মহারা হয়ে পড়েন জবেতন বিবি। ইউএনওকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, তাঁর সারা জীবনের দুঃখ আজ ঘুচে গেছে। পরম করুণাময় যেন ইউএনও ম্যাডামের ভালো করেন। এখন তিনি নিশ্চিন্তে ঘুমাতে পারবেন।
ঘর হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামালের সহোদর ও বিশিষ্ট সমাজসেবক মো. গোলাম কিবরিয়া বাদল, ইউএনওর সিএ রাজু আহম্মেদ ও অফিস স্টাফ রফিকুল ইসলাম রফিকসহ অনেকে। নতুন ঘরের সামনে দাঁড়িয়ে সবার সঙ্গে হাসিমুখে ছবি তোলেন জবেতন বিবি ও ইউএনও রিফাত আরা মৌরি।
এ সময় ইউএনও রিফাত আরা মৌরি বলেন, প্রশাসনের কাজ শুধু অফিসে বসে ফাইল দেখা নয়, মানুষের পাশে দাঁড়ানোই আসল দায়িত্ব। জবেতন বিবির মতো অসহায় মানুষের মুখে একটু হাসি ফোটাতে পারলেই সরকারি দায়িত্বের আসল সার্থকতা।
স্থানীয় ব্যক্তিরা জানান, যোগদানের পর থেকেই রাজাপুরে একের পর এক মানবিক কাজ করে যাচ্ছেন ইউএনও রিফাত আরা মৌরি। অসহায়, দরিদ্র, বিধবা, প্রতিবন্ধী ও দুস্থ মানুষের সুখে-দুঃখে সব সময় তাঁকে পাশে পাওয়া যায়। তাঁর এমন নানা সামাজিক ও মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন রাজাপুরের স্থানীয় অধিবাসীরা।
এসএইচ







































