ফাইল ছবি
ভারত যাওয়ার পথে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাসপোর্টের তথ্য যাচাইয়ের সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় তাঁকে আটক করা হয়।
বুধবার সন্ধ্যায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান। গ্রেপ্তার হিমাংশু দাস (৫২) বাগেরহাটের হাড়িখালী পিসি কলেজ এলাকার অমলেন্দু দাসের ছেলে। তিনি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে।
ইমিগ্রেশন সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় ভারতে যাওয়ার উদ্দেশে পাসপোর্ট জমা দেন হিমাংশু দাস। এ সময় পাসপোর্ট যাচাই করে তাঁর নাম স্টপ লিস্টে পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আটক করা হয়। বাগেরহাট সদর থানায় মামলা থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাঁকে গ্রেপ্তার করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদ তিতুমির বলেন, ইমিগ্রেশনে আটক এক আওয়ামী লীগ নেতাকে থানায় হস্তান্তর করা হয়েছে। যেহেতু বাগেরহাট সদর থানায় তাঁর নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে, সেহেতু তাঁকে বাগেরহাট সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
এসএইচ







































