• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

গাড়ির নম্বরপ্লেট নিয়ে বড় সুখবর দিল বিআরটিএ


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৫, ২০২৬, ০৬:১২ পিএম
গাড়ির নম্বরপ্লেট নিয়ে বড় সুখবর দিল বিআরটিএ

মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট স্থাপন ও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে বিদ্যমান বিধিগত জটিলতা দূর করতে সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২ সংশোধন করেছে সরকার। সংশোধিত এই বিধিমালায় মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের নকশা, আকার, অক্ষরের উচ্চতা ও নম্বর লেখার বিন্যাসে পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে।

গত ১ নভেম্বর বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের উপসচিব আল-আমীন মো. নূরুল ইসলামের স্বাক্ষরে প্রজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, সংশোধিত এই বিধান অবিলম্বে কার্যকর হবে। সড়ক পরিবহণ আইন, ২০১৮-এর ১২২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বিধিমালাটির ৩৬ বিধির নম্বরপ্লেট-সংক্রান্ত বিধান সংশোধন করা হয়েছে।

সংশোধিত বিধানে মোটরসাইকেলের সামনের রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে প্রচলিত বিন্যাসের পাশাপাশি এক লাইনে নম্বর লেখার সুযোগ রাখা হয়েছে। এ ছাড়া মোটরসাইকেলের নকশা ও কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে সামনের নম্বরপ্লেটের বিভিন্ন বৈশিষ্ট্য নির্ধারণের ক্ষমতা বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষকে (বিআরটিএ) দেওয়া হয়েছে। নতুন বিধান অনুযায়ী, প্রয়োজনে কর্তৃপক্ষ নম্বরপ্লেটে অক্ষরের উচ্চতা, জেলা বা অঞ্চলের নাম নির্দেশকারী অক্ষর ও যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের আকার নির্ধারণ করতে পারবে। একই সঙ্গে নম্বরপ্লেটের উল্লম্ব অংশে ফাঁকা জায়গার পরিমাণ, দুটি সংখ্যার মধ্যবর্তী ফাঁকা স্থান এবং হাইফেনের দৈর্ঘ্যও নির্ধারণ করতে পারবে বিআরটিএ।

একই লাইনে রেজিস্ট্রেশন মার্ক লেখার ক্ষেত্রে জেলা বা অঞ্চলের নাম নির্দেশকারী অক্ষর ও যানবাহনের শ্রেণি নির্দেশকারী অক্ষরের পর নির্ধারিত দৈর্ঘ্যের হাইফেন ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। ফলে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের প্রচলিত বিন্যাসের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিকল্প বিন্যাস ব্যবহারের বিধিগত সুযোগ তৈরি হলো। এ ছাড়া সংশোধিত বিধিমালায় বিপরীতমুখী রেট্রো-রিফ্লেক্টিভ প্লেট ব্যবহারের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে, যা নম্বরপ্লেটের দৃশ্যমানতা ও শনাক্তকরণে সহায়ক ভূমিকা রাখবে। প্রজ্ঞাপনে বিধিমালার ৩৬ নম্বর বিধির সংশ্লিষ্ট উপবিধি থেকে মোটরসাইকেল শব্দ দুটি বিলুপ্ত করার কথাও বলা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, রাজধানীসহ দেশের বিভিন্ন শহর ও মহাসড়কে মোটরসাইকেলের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন শনাক্তকরণ, ট্রাফিক আইন প্রয়োগ ও সড়কে শৃঙ্খলা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বর্তমানে বিভিন্ন ধরনের মোটরসাইকেলের সামনের অংশের নকশা ও কাঠামো এক রকম না হওয়ায় সব মডেলে একই মাপ ও বিন্যাসের নম্বরপ্লেট ব্যবহার করা বাস্তবসম্মত ছিল না। এ সংশোধনের ফলে মোটরসাইকেলের কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে নম্বরপ্লেটের আকার ও বিন্যাস নির্ধারণের পথ সুগম হলো।

সড়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে অন্যান্য যানবাহনের পাশাপাশি মোটরসাইকেলকেও সিসিটিভি ও ক্যামেরার আওতায় নিয়ে আসা জরুরি হয়ে পড়েছিল। সংশোধিত বিধিমালা প্রকাশের ফলে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট স্থাপনের বিষয়ে বিআরটিএর প্রয়োজনীয় নির্দেশনা ও বাস্তবায়ন কার্যক্রম গ্রহণের বিধিগত ভিত্তি তৈরি হয়েছে। এখন কোন ধরনের মোটরসাইকেলে কী আকারের নম্বরপ্লেট স্থাপন করা হবে এবং নম্বরের বিন্যাস কেমন হবে, সে বিষয়ে বিআরটিএর পরবর্তী নির্দেশনা ও পদক্ষেপের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা।

এসএইচ 

Link copied!