• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রাথমিকের নিয়োগ পরীক্ষা নিয়ে যা বললেন ডিপিই মহাপরিচালক


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৪, ২০২১, ০৬:৪২ পিএম
প্রাথমিকের নিয়োগ পরীক্ষা নিয়ে যা বললেন ডিপিই মহাপরিচালক

ঢাকা : প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এ এম মনসুরুল আলম বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা না পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহাকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আয়োজন করা সম্ভব নয়।

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

মহাপরিচালক বলেন, ‘নিয়োগ পরীক্ষা নেয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি। প্রার্থীদের আবেদনপত্র, পরীক্ষার প্রশ্নসহ সবকিছু গুছিয়ে রাখার কাজ চলছে। সরকারের সবুজ সংকেত পেলে পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘এখনো স্কুল-কলেজ খোলেনি। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা না হলে আমরা পরীক্ষা নিতে পারবো না। কেননা আমাদের প্রায় ১৪ লাখ প্রার্থীর পরীক্ষা নিতে হবে। এত বিপুল সংখ্যক চাকরি প্রত্যাশীর পরীক্ষা নিতে গেলে আমাদের অনেকগুলো কেন্দ্রের প্রয়োজন হবে। তাই শিক্ষাপ্রতষ্ঠান না খুললে পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে না।’

জানা যায়, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে আবেদন জমা পড়েছে প্রায় ১৩ লাখ। এর মধ্যে রাজশাহীতে দুই লাখ ১০ হাজার ৪৩০ জন, খুলনায় এক লাখ ৭৮ হাজার ৮০৩ জন, ময়মনসিংহে এক লাখ ১২ হাজার ২৫৫ জন, ঢাকায় দুই লাখ ৪০ হাজার ৬১৯ জন, চট্টগ্রামে এক লাখ ৯৯ হাজার ২৩৬ জন, বরিশালে ১ লাখ ৯ হাজার ৩৪৪ জন, সিলেটে ৬২ হাজার ৯০৭ জন, রংপুরে এক লাখ ৯৬ হাজার ১৬৬জন।

আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে গত ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে, যা শুরু হয়েছিল ২৫ অক্টোবর থেকে অনলাইনে।

সোনালীনিউজ/এমটিআই

Link copied!