• ঢাকা
  • রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দীর্ঘ বিরতি কাটিয়ে চলচ্চিত্রে ফিরলেন হারুন কিসিঞ্জার


বিনোদন ডেস্ক মে ২৬, ২০২১, ০৪:০০ পিএম
দীর্ঘ বিরতি কাটিয়ে চলচ্চিত্রে ফিরলেন হারুন কিসিঞ্জার

ঢাকা: দেশের কৌতুকপ্রিয় মানুষের কাছে জনপ্রিয় এক নাম হারুন কিসিঞ্জার। মজার মজার সব কৌতুক দিয়ে দেশ মাতিয়েছেন তিনি। অনেক দিন হয় দেখা নেই তার। সবশেষ এ অভিনেতা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমায় অভিনয় করেছেন। সেটি এখনো মুক্তি পায়নি।

এরই মধ্যে দীর্ঘ বিরতি কাটিয়ে চলচ্চিত্রে অভিনয়ে ফিরলেন হারুন কিসিঞ্জার। বিএফডিসিতে গত ২০ মে ‘প্রেম প্রীতির বন্ধন’ ছবির শুটিংয়ে অংশ নেন তিনি।

এ প্রসঙ্গে হারুন কিসিঞ্জার বলেন, ‘অনেক দিন পর সিনেমায় ফিরলাম। খুব খারাপ লাগতো অভিনয় থেকে দূরে ছিলাম বলে। সময়টা খুব খারাপ।

এখন মনে হচ্ছে আমার ঘরে ফিরে এলাম। কারণ সিনেমায় অভিনয় করে সবচেয়ে বেশি আনন্দ পাই আমি। এখানকার সবাই পরিবারের মতো।’

নতুন এ সিনেমায় পুলিশের ওসি চরিত্রে অভিনয় করছেন হারুন কিসিঞ্জার। এখানে তার সঙ্গে মিশা সওদাগরসহ আরও অনেককেই দেখা যাবে।

নতুন কাজ সম্পর্কে হারুন কিসিঞ্জার বলেন, ‘আমার একটা ইউটিউব চ্যানেল আছে। সেটার কিছু কাজ করছি। করোনার জন্য এখন স্টেজ শো নেই। এটাই আমার বেশি করা হয়।’

উল্লেখ্য, ১৯৯৩ সালে দেলোয়ার জাহান ঝন্টুর হাত ধরে সিনেমা জগতে কাজ শুরু করেন হারুন কিসিঞ্জার। প্রায় ৭৫টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। শুধু চলচ্চিত্রে নয়, ৪২টি কৌতুক অ্যালবামও প্রকাশ করেছেন।

সোনালীনিউজ/টিআই

Link copied!