ছবি : সংগৃহীত
ঢাকা: মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে মার্কিন নাগরিকসহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিশেষ বিবৃতিতে তারা এই শুভেচ্ছা জানান।
বিবৃতিতে ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়, আমি এবং ফার্স্ট লেডি পবিত্র ঈদুল ফিতর উদযাপনকারী সব আমেরিকানকে আমাদের উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।
তিনি আরও উল্লেখ করেন, এক মাস সিয়াম সাধনা শেষে ঈদ যেমন পরিবার ও সমাজকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে, তেমনি এটি আমেরিকার অন্যতম মূল ভিত্তি ধর্মীয় স্বাধীনতার কথা স্মরণ করিয়ে দেয়। ট্রাম্পের মতে, তার প্রশাসন নাগরিকের এই মৌলিক অধিকার রক্ষায় নিরলস কাজ করে যাচ্ছে।
স্থানীয় সময় শুক্রবার (২০ মার্চ) যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপিত হচ্ছে। মুসলিম আমেরিকানদের অধিকার ও মর্যাদা নিয়ে কাজ করা কাউন্সিল অন আমেরিকান রিলেশন্স জানিয়েছে, দেশটিকে এবার সাড়ে ৩ হাজার মসজিদের ব্যবস্থাপনায় খোলামাঠ, হোটেলের বলরুম এবং মসজিদের ভেতরে ৫ হাজারের বেশি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
এ ছাড়া নিউইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভানিয়া, ওয়াশিংটন মেট্রো এলাকা, মিশিগান, ফ্লোরিডা, জর্জিয়া, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, ম্যাসাচুসেটস, কানেটিকাট, অ্যারিজোনা, মিনেসোটা স্টেটে বাংলাদেশিদের পরিচালিত তিন শতাধিক মসজিদেও ঈদ জামাত হবে।
এসআই







































