• ঢাকা
  • শুক্রবার, ২০ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বরিশালে স্বস্তির বৃষ্টি ঈদ বাজারে স্থবিরতা


বরিশাল প্রতিনিধি মার্চ ২০, ২০২৬, ০৫:৩৫ পিএম
বরিশালে স্বস্তির বৃষ্টি ঈদ বাজারে স্থবিরতা

ছবি : প্রতিনিধি

বরিশাল: বরিশাল মহানগরীতে  নেমে আসে মৌসুমের মাঝারি বর্ষণ। প্রায় ৩০ মিলিমিটার বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও দমকা হাওয়ায় মুহূর্তেই নগরীর আকাশ অন্ধকারে ঢেকে যায়।

শুক্রবার ( ২০ মার্চ) দুপুরের পর বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ায় নগরীর বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙে বিদ্যুৎ লাইনের ওপর পড়ে। এতে অনেক এলাকা ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকে। বিদ্যুৎ বিতরণকারী সংস্থা ওজোপাডিকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী পরিতোষ চন্দ্র সরকার জানিয়েছেন, প্রায় ৮০ ভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ ২ ঘণ্টার মধ্যে পুনঃস্থাপন করা সম্ভব হয়েছে। অবশিষ্ট এলাকা দ্রুত পুনরুদ্ধারের জন্য সম্পূর্ণ টিম মাঠে কাজ করছে।

ঈদের একদিন আগে নগরীর শপিংমল ও মার্কেটে তুলনামূলকভাবে কম ভিড় দেখা গেছে। যারা বাজারে এসেছেন, তারা বৃষ্টির মধ্যেও কেনাকাটায় স্বস্তি পেলেও কিছুটা ভোগান্তিতে পড়েছেন। ঈদের দিনে বৃষ্টি হলে নামাজ আদায় ও প্রস্তুতিতে কিছুটা সমস্যা হতে পারে। তবে সব মসজিদ ও ঈদগাহে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বরিশাল অঞ্চলের কৃষকদের জন্য এই বৃষ্টি অত্যন্ত উপকারী। বর্তমানে প্রায় ৪ লাখ হেক্টর জমিতে বোরো ধান এবং ৬৫ হাজার হেক্টরে তরমুজের আবাদ রয়েছে। এই বৃষ্টিপাত বোরো ধানের ফলন বাড়াতে এবং তরমুজের মিষ্টতা বৃদ্ধি করতে সহায়ক হবে। চলতি মৌসুমে প্রায় ১৮ লাখ টন বোরো ধান এবং ১৩ লাখ টন তরমুজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র কর্মকর্তা আতিউর রহমান জানান, বৃহস্পতিবার মধ্যরাত থেকে বরিশাল অঞ্চলে পশ্চিমা মৌসুমী বৃষ্টিপাত শুরু হয়েছে। এর ফলে দিনের তাপমাত্রা কিছুটা কমে যায়।  ফলে দুপুরে প্রায় ৩০ মিলিমিটার বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও দমকা হাওয়ায় মুহূর্তেই বরিশালের আকাশ অন্ধকারে ঢেকে যায়। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। আগামী ২৪ ঘণ্টায় বরিশাল ও আশেপাশের এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ও বজ্রসহ দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে ঈদের দিনে আকাশ আংশিকভাবে মেঘলা থাকতে পারে তবে তা তাপমাত্রাকে স্বস্তিদায়ক থাকবে। 

এসআই

Wordbridge School
Link copied!